
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যানজট নিরসনে সহযোগিতা করাকে কেন্দ্র করে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার সাংবাদিকরা হলেন—যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক আবদুল্লাহ আল মারুফ।

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি।
সাংবাদিক তানভীর দীপু জানান, বুধবার দুপুরে তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পদুয়ার বাজার মোড়ে যানজট থাকায় উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন তারা। এ সময় স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডের কারণে কয়েকটি গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
তানভীর দীপুর ভাষ্য, যানজটের কারণ জানতে তিনি সামনে এগিয়ে গিয়ে লোহার ব্যারিকেডটি কিছুটা ওপরে তুলে একে একে গাড়ি চলাচলের সুযোগ করে দিচ্ছিলেন। এ সময় শাওন নামে এক স্থানীয় যুবক কেন তিনি যানজট নিরসনে সহযোগিতা করছেন, তা নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবক তাকে ধাক্কা দেন।
পরে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ এগিয়ে এসে তানভীর দীপুকে সেখান থেকে সরিয়ে নেন। অভিযোগ, কিছুক্ষণ পর শাওন হাতে একটি রড নিয়ে তাদের দিকে তেড়ে আসেন। স্থানীয় কয়েকজন তাকে নিবৃত্ত করে সরিয়ে নিলেও তারা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করার সময় ওই যুবক পেছন থেকে এসে তাদের ওপর হামলা করেন।
তানভীর দীপু আরও অভিযোগ করেন, তিনি এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। এ ঘটনায় তারা থানায় অভিযোগ করেছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, লোহার ব্যারিকেড সরিয়ে যানবাহন চলাচলে সহযোগিতা করায় তাদের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ তারা বুঝতে পারেননি।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী খোকন বলেন, পুরো ঘটনাটি তার সামনেই ঘটেছে। অভিযুক্ত যুবক অত্যন্ত উগ্র আচরণ করছিলেন এবং সাংবাদিক পরিচয় জানার পর তার আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। একপর্যায়ে তিনি পেছন থেকে তানভীর দীপু ও আবদুল্লাহ আল মারুফের ওপর হামলা করেন।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এক বিবৃতিতে তিন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযুক্ত শাওনসহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।