প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

কুমিল্লায় ৩ সাংবাদিককে হামলা, প্রধান অভিযুক্ত সেই শাওন গ্রেপ্তার

কুমিল্লায় ৩ সাংবাদিককে হামলা, প্রধান অভিযুক্ত শাওন গ্রেপ্তার
খাদিজা বেগম, বিশেষ প্রতিবেদক :

কুমিল্লার সদর দক্ষিণে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোররাতে উপজেলার বিজয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার পর শাওন আত্মগোপনে চলে যান। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিবি। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাত প্রায় ৩টার দিকে বিজয়পুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে।

দৈনিক আজকের কথা
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, তদন্তের মাধ্যমে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
— এবিএম আতিকুর রহমান বাশার
প্রতিষ্ঠাতা ও সভাপতি, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব।

এর আগে বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরের মিস্ত্রীপুকুর পাড় এলাকায় হামলার শিকার হন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী খোকন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবদুল্লাহ আল মারুফ।

সাংবাদিক তানভীর দীপুর অভিযোগ, তারা সংবাদ সংগ্রহের জন্য লালমাইয়ের দিকে যাচ্ছিলেন। পদুয়ার বাজার এলাকায় যানজট থাকায় উত্তর রামপুর বিদ্যুৎ অফিসের সামনের সড়ক দিয়ে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে ওঠার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের তৈরি লোহার ব্যারিকেডের কারণে কয়েকটি যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দৈনিক আজকের কথা
যানজটের কারণ জানতে আমি সামনে গিয়ে ব্যারিকেডটি কিছুটা উঁচু করে একে একে যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছিলাম। এ সময় শাওন সেখানে এসে এ নিয়ে আমার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে শাওন আমাকে ধাক্কা দেন।
— তানভীর দীপু
কুমিল্লা জেলা প্রতিনিধি, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

পরে সহকর্মী আবদুল্লাহ আল মারুফ পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে শাওন একটি রড নিয়ে তাদের দিকে এগিয়ে আসেন বলে অভিযোগ করেন তানভীর। স্থানীয় কয়েকজন তাকে সরিয়ে নিলে সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করেন।

তবে কিছুক্ষণ পর শাওন আবার ফিরে এসে তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ করেন তানভীর। পরে এ ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় মামলা করা হয়।

কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করায় জেলা পুলিশ ও ডিবিকে ধন্যবাদ। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের ঘটনা কমে আসবে।

প্রিন্ট করুন