
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার দেবীদ্বারে জশনে জুলুস ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
সকাল থেকেই ‘নারায়ে রিসালাত’ স্লোগান ও নাতে রাসুলের সুমধুর সুরে মুখর হয়ে ওঠে দেবীদ্বারের বিভিন্ন সড়ক। টুপি-পাঞ্জাবি পরিহিত মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ ধর্মীয় ব্যানার, ফেস্টুন ও কালেমাখচিত পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন।
দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জশনে জুলুসটি শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে মুসল্লিরা পায়ে হেঁটে এবং বিভিন্ন যানবাহনে করে র্যালিতে যোগ দেন।
জশনে জুলুসে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের দেবীদ্বার উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. মোজাফফর আহমেদ।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবতার জন্য সর্বোত্তম পথনির্দেশ। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।
আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া, সুফি মোবারক হোসেন মুরাদ, সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল, বিশ্ব সুফী সংস্থা কুমিল্লা শাখার প্রধান সমন্বয়ক মো. কবির হোসেন, দেবীদ্বার উপজেলা সমন্বয়ক মো. কাজী কাওসার, মুফতি হানিফ মাওলানা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সি ও আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
অধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবতার জন্য সর্বোত্তম পথনির্দেশ। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

মহানবীর (সা.) শিক্ষা ও আদর্শকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজ থেকে বিভেদ ও হিংসা-বিদ্বেষ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

