
গোপালগঞ্জে মধুমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর রাব্বি বিশ্বাস (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামের মধুমতী নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নদীতে গোসলের সময় শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। স্রোতপূর্ণ নদীতে শিশুদের একা গোসল করতে দেওয়া উচিত নয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুর এলাকায় মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার (২৯ আগস্ট) দুপুরে একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে নামে সে।
গোসলের একপর্যায়ে প্রবল স্রোতে রাব্বি নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।
পরে রোববার দুপুরে বারাইল গ্রামের মধুমতী নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রাব্বি বিশ্বাস নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে এবং বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

