
কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত তিন আনসার সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আক্তার হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মো. হান্নান মিয়া, দেলোয়ার হোসেন ও শাহাবুদ্দিন। তারা সবাই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
আহত আনসার সদস্য দেলোয়ার হোসেন বলেন, “আক্তার হোসেন হাসপাতালে প্রবেশ করলে তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করি। এতে ক্ষিপ্ত হয়ে তিনি পকেট থেকে সিজার ব্লেড বের করে আমাদের ওপর হামলার চেষ্টা করেন। সহকর্মীরা এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি মারধর করেন। পরে অন্য আনসার সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।”
আটক আক্তার হোসেন দেবীদ্বার পৌরসভার ওমান কাশেম বাড়ির রুহুল আমিনের ছেলে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আক্তার হোসেনকে চিহ্নিত দালাল হিসেবে তারা জানেন এবং এর আগেও বিভিন্ন সময়ে তাকে গ্রেপ্তার ও মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। হাসপাতালের রোগী ও স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার এবং ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
হাসপাতালের নিরাপত্তায় বর্তমানে ১১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

আক্তার হোসেনের বিরুদ্ধে আগেও একাধিকবার ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালের কর্মী, রোগী ও স্বজনদের নিরাপত্তার স্বার্থে এবারও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজন আনসার সদস্য আহত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
ঘটনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়মিত মামলা করার পরামর্শ দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আক্তার হোসেনকে আটক করে থানায় নিয়ে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ডের পর তাকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় হাসপাতালে দালালচক্রের তৎপরতা বন্ধ এবং রোগী, স্বজন ও দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

