
কুমিল্লার দেবীদ্বারে ফুটবল খেলায় গোল করাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার জেরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভিরাল্লা এলাকায় গাছ ফেলে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় মুরব্বিদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার উপজেলার কালিকাপুর সমাজকল্যাণ যুব সংঘ আয়োজিত ‘ফ্রিজ-টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার শেষ পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফাইনালে উপজেলার ভিরাল্লা ও আলিয়াবাদ দল অংশ নেয়।

ডিআইজি স্যার কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবেন। আমরা ফুলগাছতলা এলাকায় যানজট নিরসনে কাজ করছিলাম। পরে জানতে পারি, ভিরাল্লা এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল করে এগিয়ে যায়। পরে আলিয়াবাদ গোল করে খেলায় সমতা ফেরায়। এ সময় গোল নিয়ে ভিরাল্লার সমর্থক তুহিন ও আলিয়াবাদের সমর্থক জসিমের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা উভয় পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে, ভিরাল্লার সমর্থকদের অভিযোগ, সংঘর্ষের পর তাদের দুটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন আটকে রাখা হয়। এছাড়া একটি পিকআপ ভ্যানের কাচ ভাঙচুরের অভিযোগও ওঠে আলিয়াবাদের সমর্থকদের বিরুদ্ধে। এসব অভিযোগের পর ভিরাল্লার কয়েকজন সমর্থক কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভিরাল্লা অংশে গাছ ফেলে অবরোধ করেন।

এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। আরেক পক্ষও অভিযোগ নিয়ে আসছে বলে শুনেছি। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক অবরোধের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া অবরোধ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাস এবং স্থানীয় মুরব্বিদের সহযোগিতায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে মো. শান্ত (২৮), মো. তুহিন (৩৭), মো. লিটন (২৫), মো. রাব্বি (২৭) ও মো. সাব্বির হোসেন (২৪) দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এছাড়া আরও অন্তত ১০ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দেবীদ্বারে দায়িত্বরত ট্রাফিক সহকারী সার্জেন্ট তাপস দাস বলেন, “ডিআইজি স্যার কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাবেন। আমরা ফুলগাছতলা এলাকায় যানজট নিরসনে কাজ করছিলাম। পরে জানতে পারি, ভিরাল্লা এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।”
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। আরেক পক্ষও অভিযোগ নিয়ে আসছে বলে শুনেছি। অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সড়ক অবরোধের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।”
ঘটনাটি নিয়ে উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

