প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে আর বাধা নেই

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক
খাদিজা বেগম, বিশেষ প্রতিবেদক :

দুই বছরের সাজা মাথায় নিয়ে গ্রেপ্তারের পর হাইকোর্টে জামিন

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক প্রতারণা মামলায় জামিন পেয়েছেন। হাইকোর্টের এ আদেশের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিনের আদেশ দেন।

দৈনিক আজকের কথা
বিদিশা কাশিমপুর কারাগারে আছেন। ওই মামলায় জামিন হওয়ায় এখন তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
— মো. মাসুদ মিয়া
বিদিশা সিদ্দিকের আইনজীবী

প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় সাজা পরোয়ানা জারি হওয়ার পর গত ২৫ আগস্ট তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালে দায়ের করা প্রতারণার মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এরপর আদালতের দেওয়া সাজা পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিদিশা।

রোববার শুনানি শেষে হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন। ফলে কারামুক্তির ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

প্রিন্ট করুন