

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী নূর জাহানের মৃত্যুতে শোকের ছায়া; পৃথিবীর আলো দেখার আগেই চলে গেল অনাগত সন্তানও
ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি ছিলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা। মর্মান্তিক এ ঘটনায় তার অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর জাহানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায়। তার স্বামী জোবায়ের হোসেন জানান, প্রায় দেড় বছর আগে তাদের বিয়ে হয়েছিল। আগামী মাসেই তাদের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা ছিল।
স্বজনরা জানান, গত শুক্রবার মুরাদনগরের নিজ বাড়িতে অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হন নূর জাহান। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
নূর জাহানের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, পরিচিতজন ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তার অনাগত সন্তানের মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে নেমে এসেছে আরও গভীর শোক।
ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ জানান, নূর জাহান ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৬১তম আবর্তনের একজন মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন।
বাংলা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান ভূঞা বলেন, নূর জাহান অত্যন্ত আন্তরিক ও মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তার এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
নূর জাহানের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে ডেঙ্গুতে একজন অন্তঃসত্ত্বা তরুণীর মৃত্যু নতুন করে উদ্বেগ তৈরি করেছে।