

“মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।
আবেদা মান্নান ফাউন্ডেশনের আয়োজনে এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভার আগে রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। বিভিন্ন স্লোগানসহ র্যালিটি রাজামেহার বাজার, কলেজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। প্রধান আলোচক ছিলেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
আলোচনায় আরও অংশ নেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
আলোচনা সভার ফাঁকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর দিক তুলে ধরে একটি মাদকবিরোধী নাটক উপস্থাপন করা হয়।