

সোপর্দের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালালেন নারী ও শিশু নির্যাতন মামলার আসামি; বক্সগঞ্জে অভিযান চালিয়ে ফের আটক
কুমিল্লা আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রুবেল। ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকা থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রুবেল নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে পুলিশের হেফাজতে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট থানা থেকে রুবেলকে কুমিল্লা আদালতে সোপর্দ করার জন্য নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে তাকে আদালতের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল। এ সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান তিনি।
আসামি পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই তাকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। আদালত চত্বর ও আশপাশের এলাকা ছাড়াও সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে পালিয়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় নাঙ্গলকোটের বক্সগঞ্জ এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে পুনরায় কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামি রুবেলের সঙ্গে পুলিশ সদস্য মাহবুবসহ কয়েকজন দায়িত্বে ছিলেন। আদালতে সোপর্দ করার সময় আসামি পালিয়ে গেলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টার মধ্যে তাকে পুনরায় গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনাটি নিয়ে প্রশ্ন উঠেছে, আদালত প্রাঙ্গণের মতো নিরাপত্তাবেষ্টিত ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের হেফাজতে থাকা একজন আসামি কীভাবে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন। তবে পালানোর পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা ও দায়িত্ব পালনের প্রক্রিয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় কি না, সেটিও এখন দেখার বিষয়।