

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু
কুমিল্লার দেবীদ্বার থেকে ১৭ জনের একটি দল গিয়েছিল কক্সবাজারে বেড়াতে। সবার সঙ্গে আনন্দে ঘুরে বেড়ালেও বাড়ি ফেরার আগেই থেমে গেল ১৭ বছর বয়সী সীমা আক্তারের জীবন। ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই মাদরাসাছাত্রীর।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
স্বজনদের বরাতে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সকালে দেবীদ্বারের বড় আলমপুর থেকে ১৭ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে তারা সবাই মিলে সুগন্ধা সৈকতে সময় কাটান। পরে সেখান থেকে ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন সীমা।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, অটোরিকশায় যাওয়ার সময় হঠাৎ সীমার পরনের ওড়না পেছনের একটি চাকায় পেঁচিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একসঙ্গে বেড়াতে যাওয়া স্বজনদের আনন্দ মুহূর্তেই পরিণত হয় শোকে। যে মেয়েটি পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে কক্সবাজার গিয়েছিল, তার আর দেবীদ্বারের বাড়িতে ফেরা হলো না।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।