

ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।
গ্রেপ্তার ফরিদ আমিন বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে প্রার্থী হয়েছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, মির্জাপুর থানার ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর ফরিদ আমিন পলাতক ছিলেন। রোববার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।