

ওমরাহ পালনে সৌদি আরব গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় মৃত্যু, মরদেহ দেশে আনার উদ্যোগ
ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে মারা গেছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাওলানা নাসরুল্লাহ। শনিবার (১১ অক্টোবর) বিকেলে তাঁর মৃত্যুর খবর পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মাওলানা নাসরুল্লাহ নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির বাসিন্দা। তিনি মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে এবং স্থানীয় ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে যাত্রা করেন নাসরুল্লাহ। সেখান থেকে মক্কায় যাওয়ার পথে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন তিনি। এতে আহত হওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানতে পারেন।
নিহত নাসরুল্লাহর পরিবারে রয়েছেন স্ত্রী মাহবুবা, সাত বছর বয়সী ছেলে জামিল, পাঁচ বছর বয়সী মেয়ে নাবিলা ও দুই বছর বয়সী ছেলে জায়ায। এ ছাড়া তাঁর বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মা জাহানারা বেগম রয়েছেন।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, স্থানীয় প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে তিনি নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।