

কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন, মাদকের বিস্তার রোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লার ১৮টি থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে মোট ৫১৯ জনকে আটক করা হয়েছে।
কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে রাতভর বিশেষ অভিযান
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং দমন ও মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জেলার ১৮টি থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ করে কিশোরদের বখাটেপনা, মাদকসেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ থাকা বিভিন্ন স্থানকে নজরদারিতে রাখা হয়।
অভিযান চলাকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে বিভিন্ন থানার কার্যক্রম তদারকি করেন। পুলিশের বিভিন্ন ইউনিট সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানিয়েছে, আটক ৫১৯ জনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।