

কুমিল্লার মেঘনায় অডিও ছড়িয়ে পড়ার পর লিখিত অভিযোগ, তদন্তের আশ্বাস জেলা বিএনপির
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে দলীয় পদ দেওয়ার কথা বলে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সদস্য মোসলেম মোল্লা।
লিখিত অভিযোগে মোসলেম মোল্লা দাবি করেন, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেন রমিজ উদ্দিন লন্ডনী। এ ছাড়া উপহার হিসেবে তিনটি খাসিও নেন তিনি। তবে বিদেশে চলে যাওয়ার কথা থাকায় মোসলেম কমিটিতে পদ না চেয়ে তাঁর দেওয়া টাকা ফেরত চান। এ-সংক্রান্ত প্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত ও যাচাই-বাছাই করে সত্যতা পাওয়া গেলে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মোসলেম মোল্লা।
ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওতে মোসলেম মোল্লাকে রমিজ উদ্দিন লন্ডনীর সঙ্গে ফোনে কথা বলতে শোনা যায়। কথোপকথনে মোসলেমকে বলতে শোনা যায়, ‘ছোডো ভাইয়ের টাকাটা দিয়ে দিয়েন। কমিটির জন্য যে এক লাখ টাকা দিসিলাম, ৮০ হাজার–২০ হাজার—এই ট্যাকাডা আরকি! এহন আমি থাকবো না, আর কী হরমু কন।’
জবাবে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, ‘আপনে অপেক্ষা করেন, কমিটি হইলে কমিটিতে নাম থাকবে তো। এমন তো না যে, না করছি।’
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন রমিজ উদ্দিন লন্ডনী। তিনি বলেন, অভিযোগটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে দলীয় ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। তিনি জানান, অভিযোগ তদন্ত করা হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।