

কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাওটী স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
যাত্রীদের বরাতে জানা গেছে, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। নাওটী স্টেশন অতিক্রম করার পর হঠাৎ বিকট শব্দে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেকে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামার চেষ্টা করেন।
দুর্ঘটনায় কয়েকজন যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। কারও কারও মাথা ফেটে যায়। এ ছাড়া হুড়োহুড়ির সময়ও কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা ও আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ট্রেনের যাত্রী নাহিদা আক্তার জানান, চলন্ত অবস্থায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর যাত্রীরা একে অপরের ওপর পড়ে যান। এ সময় কয়েকজন পদদলিত হন। পরে ট্রেন থেকে নেমে তিনি ধোঁয়া বের হতে দেখেন।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল হোসেন দুর্ঘটনার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের বিষয়ে তখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার অপেক্ষায় সংশ্লিষ্টরা।