

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের মানুষের প্রতি গভীর ভালোবাসা ও জনকল্যাণে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন সৈয়দ এ.কে.এম. কায়েস আহমেদ মীর। তিনি দারোরা দীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ধর্মমন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের আপন মামা।
শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল কেন্দ্রীয় বড় ঈদগাহ মাঠে আয়োজিত এক মাহফিলে উপস্থিত হয়ে তিনি বলেন, “আমি আমার ব্যবসা-বাণিজ্য ও পরিবারের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে শুধু ভালোবাসা আর হৃদয়ের টানে আপনাদের কাছে আসি। আমার আসার পেছনে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমার সবটুকু স্বার্থ দারোরা ইউনিয়নের মানুষকে নিজের পরিবারের মতো ভালোবাসার মধ্যে।”

ব্যবসা-বাণিজ্য ও পরিবারের ব্যস্ততা উপেক্ষা করে দারোরার মানুষের টানে ছুটে আসি
তিনি আরও বলেন, “আমার এই ভালোবাসার টান দেখে কিছু মানুষ ঈর্ষান্বিত হতে পারেন। তাতে আমার কিছু করার নেই। নিন্দুকদের কথায় আমি থেমে থাকব না। জনকল্যাণে আপনাদের পাশে আছি, থাকব। যেকোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। অসুস্থ না থাকলে আপনাদের ডাকে সাড়া দিয়ে ঠিকই আপনাদের দুয়ারে এসে উপস্থিত হবো।”
তাঁর বক্তব্যে দারোরা ইউনিয়নের মানুষের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, আন্তরিকতা ও প্রয়োজনে পাশে দাঁড়ানোর প্রত্যয় উঠে আসে।
এ সময় উপস্থিত ছিলেন দারোরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনির হোসেন মোল্লা, যুবদল নেতা হানিফ মুন্সী ও কামাল হোসেন পিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।