
সিরাজগঞ্জে মহাসড়কে প্রকাশ্যে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার বেড়ে ৭, দায়িত্বে অবহেলায় প্রত্যাহার ৪ পুলিশ সদস্য
সিরাজগঞ্জে পুলিশের ভ্যানের সামনেই নিষিদ্ধ সংগঠন যুবলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।
শুক্রবার (৩০ অক্টোবর) গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সোহাগ (২৮) এবং রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ সাজু (১৭)। রবিউল ও সোহাগ যুবলীগের কর্মী এবং সাজু ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই বুধবার ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের ভ্যানের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।
ওসি জানান, গ্রেপ্তার দুই যুবলীগ কর্মীকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় এবং ছাত্রলীগ কর্মী সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পুলিশের একটি ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ওই ঘটনায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ এবং সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে পুলিশের উপস্থিতিতে মহাসড়কে এমন বিক্ষোভ মিছিলের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিনজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।