
ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বৃত্তির চেক
ঢাকায় অবস্থানরত কুমিল্লার মুরাদনগর উপজেলার ২৮ জন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তির চেক তুলে দিয়েছেন ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ঢাকায় ধর্মমন্ত্রীর বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব চেক হস্তান্তর করা হয়। ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এ বৃত্তির অর্থের ব্যবস্থা করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। মুরাদনগর ও বাঙ্গরাকে সমৃদ্ধ ও উন্নত করতে তরুণদের পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মুরাদনগরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ হয়েছে। আগামী প্রজন্মকে শিক্ষিত হয়ে একটি নৈতিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। শিক্ষা কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মাধ্যমে মানবিক মূল্যবোধ অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
ধর্মমন্ত্রী জানান, মুরাদনগরের শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা থাকবে।
ঢাকাস্থ মুরাদনগর ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা ও আর্থিক প্রয়োজন বিবেচনায় নিয়ে সংগঠনের ধারাবাহিক প্রচেষ্টা এবং ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের উদ্যোগে এ বৃত্তির ব্যবস্থা করা সম্ভব হয়েছে।
বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগকে তাঁদের পড়াশোনায় সহায়ক হিসেবে উল্লেখ করে ধর্মমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের মতে, এ সহযোগিতা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে উৎসাহ জোগাবে।