

ধর্মমন্ত্রীর প্রধান অতিথি থাকার কথা থাকলেও আসেননি, সভাপতিত্ব করেন এসিল্যান্ড সাকিব হাসান খান
কুমিল্লার মুরাদনগরে জাতীয় যুব দিবস উপলক্ষে ১০ জন তরুণ উদ্যোক্তার হাতে ১০ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়েছে। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে ‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবি নজরুল মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির উপস্থিত থাকার কথা থাকলেও মন্ত্রণালয়ের দাপ্তরিক কাজে ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন।

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, যুব সংগঠক এ কে এম নেয়ামুল হক ও সফল আত্মকর্মী মো. জাহিদ।
বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি জাতীয় অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ জন্য কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত ১০ জন তরুণ উদ্যোক্তার হাতে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।