
মুরাদনগরে মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের ১০ লাখ টাকা অনুদান প্রদান
মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চান না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে পুঁজি করে ব্যবসা করেছে, এখন আরেকটি দল জুলাইয়ের চেতনাকে নিয়ে ব্যবসা করছে। বিএনপি কোনো চেতনাকে পুঁজি করে রাজনীতি করতে চায় না; বরং মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনে সম্পৃক্ত সবার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চায়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজস্ব তহবিল থেকে মুক্তিযোদ্ধা ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ কিংবা জুলাইয়ের চেতনা নিয়ে আমরা কোনো রাজনৈতিক ব্যবসা করতে চাই না। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে জুলাই আন্দোলনে সম্পৃক্ত সবার যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে চাই।
কায়কোবাদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকের সন্তান। তিনি সবসময় দেশের দরিদ্র, অসহায় ও সাধারণ মানুষের কথা চিন্তা করেন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী তাকে অনেক দিন সময় দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ জন্য তিনি ও তার পরিবার প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। দেশের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ২০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরুদের সম্মানী, বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রবাসী কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচিও নতুন করে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য মাসিক তিন হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে। মাত্র আট মাসে এসব উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের কাজ শুরু করায় তিনি প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর দোয়া কামনা করেন।
অনুদান বিতরণ প্রসঙ্গে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, নিজস্ব তহবিল থেকে মুক্তিযোদ্ধাদের জন্য পাঁচ লাখ টাকা এবং অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের জন্য আরও পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপযুক্ত উপকারভোগীদের মধ্যে এ অর্থ বিতরণের ব্যবস্থা করবেন। সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সামর্থ্য অনুযায়ী সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রশংসা করে ধর্মমন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি চারা রোপণের উদ্যোগ নিয়েছেন। এ কর্মসূচি সফল করতে যারা আন্তরিকভাবে কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানান তিনি। কর্মসূচিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ১০ হাজার, সাত হাজার ও পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান, মুরাদনগর সার্কেল পুলিশ সুপার কামরুজ্জামান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা থানার ওসি শফিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল আহসান ও সদস্য সচিব সুমন মাস্টারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।