

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দেবীদ্বারের ছোটশালঘরে মর্মান্তিক দুর্ঘটনা
কুমিল্লার দেবীদ্বারে মায়ের সঙ্গে চিকিৎসকের কাছে গিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোসা. মিনহা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ২টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ মেয়েকে নিয়ে তার মা জুলেখা আক্তার দেবীদ্বার উপজেলার ছোটশালঘর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার সকালে মেয়েকে চিকিৎসকের কাছে দেখাতে দেবীদ্বারে নিয়ে যান তিনি। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ছোটশালঘর বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন তারা।
এ সময় মিনহা দৌড়ে সড়ক পার হতে গেলে সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মায়ের চোখের সামনেই ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে মা জুলেখা আক্তার শোকে ভেঙে পড়েন। তার আহাজারিতে ঘটনাস্থলে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”