
কলেজ ক্যাম্পাসের কাছেই উদ্ধার, মৃত্যুর কারণ জানতে তদন্তে পুলিশ
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ (২৮) নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জলাশয়টি ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ থেকে ৫০০ গজ দূরে অবস্থিত।
নিহত আদনান ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া দাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আলতাফ হোসাইন রাথারের ছেলে এবং বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কাছের একটি ভারতীয় খাবারের হোটেলে যান। রাত ১২টা ৫ মিনিটের পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।
নিখোঁজের খবর পেয়ে পুলিশ ও কলেজ প্রশাসন বিভিন্ন স্থানে তাঁর সন্ধানে তল্লাশি চালায়। বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে জলাশয়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করা হয়। এরপর থেকে পুলিশ তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজখবর ও অভিযান চালাচ্ছিল। বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।