

বঙ্গবীর কাদের সিদ্দিকী: মুক্তিযুদ্ধের চেতনা, আওয়ামী লীগের পতন, জামায়াতের ভূমিকা, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও তারেক রহমানের রাজনৈতিক দায়িত্ব নিয়ে খোলামেলা বক্তব্য
মুক্তিযুদ্ধের চেতনা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ, জামায়াতের ভূমিকা এবং রাষ্ট্র পরিচালনার নানা বিষয় নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তাঁর মতে, জয়বাংলা ও জিন্দাবাদ স্লোগানের ঐতিহাসিক তাৎপর্য এবং কোনটি হৃদয়ে ধারণ করা উচিত, কোনটি বর্জন করা উচিত—সেই উপলব্ধি সমাজে অনেকটাই হারিয়ে গেছে।
সম্প্রতি সংবাদ-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন রাশেদ আহমেদ।
প্রশ্ন: ২০২৪ সালে বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এরপর মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করার প্রবণতা দেখা যাচ্ছে। এর কারণ কী?
কাদের সিদ্দিকী: স্বাধীনতার ৫৪-৫৫ বছর পর এমন বিপর্যয়ের পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে। আমরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশ স্বাধীন করেছি, তাঁদের অনেকেই পরবর্তী সময়ে যথেষ্ট সচেতন ভূমিকা পালন করতে পারিনি। মুক্তিযোদ্ধাদের সন্তানদের অনেকেই লেখাপড়ায় পিছিয়ে পড়েছে। অন্যদিকে পরাজিত শক্তি হিসেবে পরিচিত রাজাকার, আলবদর ও রাজনৈতিকভাবে জামায়াত নিজেদের সংগঠিত করেছে, শিক্ষার দিকে মনোযোগ দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
আমাদের উদাসীনতা ও অলসতাও এর জন্য দায়ী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু নিহত হয়েছেন। তাঁর হত্যাকাণ্ডের পেছনে দেশীয় রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক শক্তির হিসাব-নিকাশও ছিল। মুক্তিযুদ্ধের সময় ভারত ও রাশিয়া ছাড়া বিশ্বের বড় শক্তিগুলোর সমর্থন আমরা পাইনি। সেই আন্তর্জাতিক বাস্তবতার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তনকে দেখতে হবে।
প্রশ্ন: ২০২৪ সালের পরিবর্তনের পর মুক্তিযুদ্ধের ওপর আঘাত বেশি এসেছে। আপনার বড় ভাই মুক্তিযুদ্ধবিষয়ক একটি অনুষ্ঠানে যুক্ত হতে গিয়ে অপমানিত হয়েছেন। আপনিও বিভিন্ন সময়ে অপমানের শিকার হয়েছেন। এমন পরিস্থিতি কেন তৈরি হলো?
কাদের সিদ্দিকী: এটি অস্বাভাবিক কিছু নয়। আমাদের দুর্বলতা ও উদাসীনতা যেমন রয়েছে, তেমনি পরাজিত শক্তিও সব সময় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। যারা একবার পরাজিত হয়, তারা আবার বিজয়ী হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। কিন্তু বিজয়ীরা নিজেদের বিজয় ধরে রাখার জন্য যতটা সচেতন ও সংগঠিত হওয়া প্রয়োজন, অনেক সময় ততটা হয় না। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। আমাদের নিজেদের ভুলগুলো বোঝা উচিত ছিল। এখনো সেই উপলব্ধি যথেষ্ট তৈরি হয়েছে বলে মনে হয় না।
প্রশ্ন: আপনি কি বর্তমান সরকারের কথা বলছেন?
কাদের সিদ্দিকী: শুধু সরকার নয়। আমি কখনো শুধু সরকার নিয়ে চিন্তা করিনি। মুক্তিযুদ্ধ এবং দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে নিয়েই আমার চিন্তা। সবকিছুর দায় শুধু সরকারের ওপর চাপিয়ে দেওয়া আমার বক্তব্য নয়।
প্রশ্ন: তাহলে এখন করণীয় কী?
কাদের সিদ্দিকী: আমি সরকারের দায়িত্ব অস্বীকার করছি না। তবে দেশের সব দায়িত্ব শুধু সরকারের—এমনটাও বলছি না। সামগ্রিকভাবে আমাদের মানসিক ও মানবিক উন্নয়ন প্রয়োজন।
মুক্তিযুদ্ধের সময় আমাদের চরিত্রের যে উন্নতি হয়েছিল, পৃথিবীর অন্য কোনো দেশে এমন হয়েছিল কি না জানি না। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের পক্ষের কাউকে ধরে নির্যাতন করেও পাকিস্তানের পক্ষে সমর্থন আদায় করতে পারেনি। যারা বাংলাদেশ চেয়েছে, তারা জয়বাংলা বলেছে। যারা পাকিস্তান চেয়েছে, তারা জিন্দাবাদ বলেছে। জয়বাংলা ছিল বাঙালির স্বাধীনতার স্লোগান, আর জিন্দাবাদ ছিল পাকিস্তানের পক্ষে অবস্থানের প্রতীক।
আমি নিজেও দেখেছি, পাকিস্তানের সমর্থক বা গুপ্তচর ধরা পড়লেও তাদের দিয়ে জয়বাংলা বলানো সম্ভব হয়নি। আবার মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নির্যাতন করেও পাকিস্তান জিন্দাবাদ বলানো যায়নি। অথচ আজ জয়বাংলা আর জিন্দাবাদের কোনটির কী অনুভূতি, কোনটি হৃদয়ে ধারণ করতে হবে আর কোনটি বর্জন করতে হবে—সেই বোধশক্তি আমাদের মধ্যে অনেকটাই হারিয়ে গেছে।
প্রশ্ন: ২০২৪ সালের পর ‘ইনকিলাব জিন্দাবাদ’ নামে নতুন একটি স্লোগান শোনা যাচ্ছে। এ বিষয়ে আপনার মত কী?
কাদের সিদ্দিকী: ইনকিলাব ভালো কথা। তবে কোনো শব্দের অর্থ ভালো হলেই তার ব্যবহার ও উদ্দেশ্য ভালো হয়ে যায় না। যেমন রাজাকার শব্দের মূল অর্থ মুসলমানদের সাহায্যকারী। মদিনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা সাহায্য করেছিলেন, তাঁদেরও রাজাকার বলা হয়েছে। কিন্তু বাংলাদেশে রাজাকার শব্দটি সবচেয়ে ঘৃণিত পরিচয়ে পরিণত হয়েছে।
রাজাকার, আলবদর ও আলশামস বাহিনী গঠন করে জামায়াত পাকিস্তানের পক্ষ নিয়েছিল। পাকিস্তান প্রতিষ্ঠার সময় জামায়াতের নেতা আবুল আলা মওদুদীর অবস্থানও প্রশ্নবিদ্ধ ছিল। আবার বাংলাদেশ প্রতিষ্ঠার সময়ও তারা স্বাধীনতার পক্ষে না গিয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল।
রাজনৈতিকভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া আর সশস্ত্র ক্যাডার তৈরি করে বাড়িঘর ধ্বংস, অগ্নিসংযোগ, হত্যা এবং নারীদের পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। জামায়াত যদি এসব অপরাধ না করত, তাহলে তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে এতটা অভিযোগ থাকত না।
বাংলাদেশের মানুষের হৃদয়ে জায়গা করতে হলে জামায়াতকে গভীরভাবে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে মানুষ যেভাবে ক্ষমা চায়, তার চেয়েও গভীর অনুশোচনা নিয়ে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এরপর মানুষ ক্ষমা করবে কি না, সেটি ভিন্ন বিষয়।
প্রশ্ন: আওয়ামী লীগের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হলো কেন? বঙ্গবন্ধুকে আপনি পিতার মতো দেখতেন, শেখ হাসিনার সঙ্গে আপনার ভাই-বোনের সম্পর্ক ছিল। এরপর দল ছেড়ে নতুন দল গঠন করলেন কেন?
কাদের সিদ্দিকী: বঙ্গবন্ধু আমাকে সন্তানের মতো দেখতেন। আমিও তাঁকে পিতার মতো দেখি। আমার জন্মদাতা পিতার জন্য যা করতে পারি, বঙ্গবন্ধুর জন্যও তা করতে পারি। বঙ্গবন্ধু আমার রাজনৈতিক পিতা। তাঁর মাধ্যমেই আমি দেশকে চিনেছি।
আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ, শামসুল হকের আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ ছাড়িনি। আমি ছেড়েছি আমার বোন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ।
বঙ্গবন্ধুর সময়ে দলের সাধারণ কর্মীদের সম্মান ও মূল্যায়ন ছিল। কিন্তু শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে সাধারণ কর্মীদের কোনো মূল্য ছিল না। মূল্য ছিল হাইব্রিড নেতাদের, যাদের অর্থ আছে, যারা টাই পরে চলাফেরা করে। গ্রামের যে নারী নিজের কানের দুল বিক্রি করে দল করেছে, নেতাকর্মীদের খাইয়েছে, তার কোনো মূল্যায়ন ছিল না।
আমি এমন একজন মানুষ, যে কথা দিলে তা পালন না করে স্বস্তি পাই না। আমার মনে হয়েছে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, শেখ হাসিনা ক্ষমতায় এসে সেগুলো বাস্তবায়ন করতে পারেননি অথবা করতে চাননি। তিনি অনেক চাটুকারের দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েছিলেন। তাঁদের মানুষের প্রতি মায়া-মমতা ছিল না।
আমার কাছে রাজনীতি মানে জনসেবা। জনগণের ওপর শক্তি প্রদর্শন করা রাজনীতি নয়।
প্রশ্ন: তাহলে বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে পার্থক্য তৈরি হয়েছিল?
কাদের সিদ্দিকী: আওয়ামী লীগের যে অঙ্গীকার ছিল, সেগুলো যথাযথভাবে পালন করা হয়নি। জনগণকে যে সম্মান দেওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক কম সম্মান দেওয়া হয়েছে। শুধু শেখ হাসিনাকে দায়ী করলেই হবে না। তাঁর অনেক কর্মীও রাজনীতির যোগ্যতা অর্জন করতে পারেননি।
শেখ হাসিনার নেতৃত্বে সবচেয়ে গুরুতর অন্যায় হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। মানুষ নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেনি। ১৯৭১ সালে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। তাঁরা সবাই যোদ্ধা ছিলেন না, সাধারণ মানুষও ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনের রায় পাকিস্তানিরা মেনে নিলে হয়তো স্বাধীনতার জন্য আরও ২০ বছর অপেক্ষা করতে হতো। কিন্তু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার শাসনামলে নির্বাচনব্যবস্থা ধ্বংস করা হয়েছিল।
প্রশ্ন: ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের কারণ কী ছিল?
কাদের সিদ্দিকী: মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াই পতনের মূল কারণ। তবে যারা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে এসেছে, তারা অনেক ক্ষেত্রে তার চেয়েও খারাপ কাজ করেছে। সে কারণেই দেশের বর্তমান পরিস্থিতি এমন হয়েছে।
প্রশ্ন: তোফায়েল আহমেদের প্রসঙ্গ তুলেছিলেন। তাঁর মৃত্যু এবং জানাজা নিয়ে আপনার বক্তব্য কী?
কাদের সিদ্দিকী: তোফায়েল আহমেদ ছিলেন ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মহানায়ক। সেই সময়ে তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক শক্তি ছিল অসাধারণ। তিনি চাইলে অনেক কিছু অর্জন করতে পারতেন। কিন্তু তাঁর জীবনযাপনে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। আমাদের সম্মেলনে তিনি বাসে করে এসেছেন। সেই সময়ের সবচেয়ে ভালো গাড়িতে আসার চেষ্টা করেননি।
অথচ এখনকার অনেক নেতার চলাফেরা ও জীবনযাপনে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। সারজিস আলমসহ কয়েকজনের বিলাসবহুল গাড়ি ও ব্যয়বহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন উঠেছে। মানুষের কাছে রাজনীতিবিদদের গ্রহণযোগ্যতা নির্ভর করে তাঁদের আচরণ ও জীবনযাপনের ওপর।
তোফায়েল আহমেদের জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করতে দেওয়া হয়নি, শহীদ মিনারেও করতে দেওয়া হয়নি। ভোলায় জানাজা আয়োজনেও বাধা দেওয়া হয়েছে। এসব ঘটনায় আমি খুব কষ্ট পেয়েছি।
আমি মনে করেছিলাম, তারেক রহমান বিএনপির প্রধানমন্ত্রী হবেন না; তিনি দেশের সাধারণ মানুষের প্রধানমন্ত্রী হবেন। তিনি সবার প্রধানমন্ত্রী হবেন, আমারও প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তোফায়েল আহমেদের জানাজা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাঁর অবস্থানে স্খলন দেখছি।
আমি প্রস্তাব করেছি, সব রাজনৈতিক দল ও মতের মানুষকে নিয়ে তোফায়েল আহমেদের স্মরণে জাতীয়ভাবে শোকসভা আয়োজন করা হোক। কারণ নায়ক অনেকেই হন, কিন্তু মহানায়ক খুব বেশি হন না।
প্রশ্ন: তোফায়েল আহমেদকে আপনি এতটা গুরুত্ব দিচ্ছেন কেন?
কাদের সিদ্দিকী: বঙ্গবন্ধুর পর তোফায়েল আহমেদ ছিলেন তাঁর অবস্থানে অনন্য। ১৯৬৯ সালের গণআন্দোলনে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই আন্দোলন না হলে বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেতেন না। আর বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো কি না, সেটিও বড় প্রশ্ন। এ কারণেই তোফায়েল আহমেদকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত ছিল।
আমাদের মধ্যে এখন অন্যের অবদান স্বীকার করার মানসিকতা কমে গেছে। শেখ হাসিনা একসময় জিয়াউর রহমানকে ব্যঙ্গ করে বলতেন, তিনি মৃত্যুর সময় একটি ভাঙা সুটকেস ও ছেঁড়া গেঞ্জি রেখে গেছেন। কিন্তু বিষয়টি অন্যভাবেও দেখা যায়। যদি একজন রাষ্ট্রপতি মৃত্যুর সময় সামান্য সম্পদ রেখে যান, সেটি তো তাঁর সততার উদাহরণ হিসেবেও বিবেচিত হতে পারে। তারেক রহমান বা খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে জিয়াউর রহমানের সততার দিকটিও সামনে চলে আসে। তাই কোনো কথা বলার আগে চিন্তা করা উচিত।
প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছিল, সেটি বর্তমানেও বহাল রয়েছে। এ বিষয়ে আপনার মূল্যায়ন কী?
কাদের সিদ্দিকী: এই চুক্তি কেউ পছন্দ করেনি। দেশের জন্য এটি ভালো নয়। ব্যবসা-বাণিজ্য করা এক বিষয়, কিন্তু এমন চুক্তি করা, যেখানে প্রায় সবকিছুতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও তাদের মতামত নিতে হবে, সেটি দেশের স্বার্থের অনুকূলে নয়। সামরিক চুক্তি হলে বাধ্যবাধকতার বিষয়টি আলাদা হতে পারত। কিন্তু উন্মুক্ত বাণিজ্য চুক্তিতে এমন শর্তের যৌক্তিকতা নেই।
আমি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে খুব ভালোবাসতাম। তাঁকে অনেক সহযোগিতাও করেছি। গ্রামীণ ব্যাংক যখন সংকটে পড়েছিল, তখন ড. কামাল হোসেনের কথায় তাঁর পাশে দাঁড়িয়েছিলাম। অধ্যাপক ইউনূস নিজেও বলেছিলেন, আমার মতো একজন মানুষ পাশে থাকায় তিনি সাহস ও নিরাপত্তা পেয়েছেন।
কিন্তু আমি ভুল করেছি। অধ্যাপক ইউনূস মানুষের জন্য হতে পারেন, সুদের জন্য হতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা তাঁর ছিল না। রাষ্ট্র পরিচালনায় তাঁর দক্ষতার অভাব ছিল বলে আমি মনে করি।
স্বাস্থ্য খাতের ব্যর্থতা নিয়েও আমি অত্যন্ত ক্ষুব্ধ। হামসহ বিভিন্ন রোগে শিশুদের মৃত্যুর ঘটনা সরকারের দায়িত্বশীলতার প্রশ্ন সামনে এনেছে। এসব ব্যর্থতার জন্য সরকারের জবাবদিহি থাকা উচিত।
বর্তমানে তারেক রহমানের সামনে একটি সুযোগ এসেছে। তিনি বিএনপির প্রধানমন্ত্রী না হয়ে দেশের সব মানুষের প্রধানমন্ত্রী হতে পারবেন কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় এখন দেশ অনেক ভালো চলছে।
প্রশ্ন: আওয়ামী লীগ নিষিদ্ধ রয়েছে। আপনি একসময় দলটির সঙ্গে যুক্ত ছিলেন। আপনার মতে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা উচিত, নাকি দলটির রাজনীতি করার সুযোগ থাকা উচিত?
কাদের সিদ্দিকী: যে রাজনৈতিক দল দেশের আইন মেনে চলে, তাকে নিষিদ্ধ করার ক্ষমতা রাষ্ট্রের নেই। আর যে দল দেশের জন্মের সঙ্গে জড়িত, সেই দলের কোনো কোনো ব্যক্তি অপরাধ করলে তাঁদের বিচার হতে পারে। কিন্তু পুরো দলের বিচার করা যায় না।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অধ্যাপক ইউনূস মারাত্মক ভুল করেছেন। সেই নিষেধাজ্ঞা বহাল রেখে তারেক রহমানও ভুল করছেন। আমি বলতে পারি, এই নিষেধাজ্ঞা থাকবে না, উঠে যাবে।
প্রশ্ন: কীভাবে নিষেধাজ্ঞা উঠে যাবে?
কাদের সিদ্দিকী: মানুষই নিষেধাজ্ঞা তুলে দেবে। মানুষের চেয়ে বড় কিছু নেই। দেশ মানুষের, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়। আওয়ামী লীগকে চিরদিন দাবিয়ে রাখা যাবে বলে আমি মনে করি না।
তবে আওয়ামী লীগের এখনো আত্মসংশোধন হয়নি। সাধারণ কর্মীরা ভীষণ কষ্ট করছেন, জেল খাটছেন। কিন্তু যেসব নেতার জন্য তাঁরা জেল খাটছেন, সেই নেতাদের উপলব্ধিতে পরিবর্তন এসেছে বলে মনে হয় না। তাঁরা নিজেদের অত্যন্ত জনপ্রিয় মনে করেন। তাঁদের নেত্রীকে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন তিনি মাদার তেরেসার চেয়েও বড়।
২০২৪ সালের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাঁরা চাইলে তোফায়েল আহমেদের মতো যোগ্যতার পরিচয় দিতে পারতেন। মানুষের বিশ্বাস ধরে রাখতে পারতেন। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারতেন। মব সৃষ্টি না করে এবং বঙ্গবন্ধুর ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের মতো ঘটনা এড়িয়ে তাঁরা জনগণের আস্থা অর্জন করতে পারতেন। কিন্তু দুই বছরেও তাঁরা সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে পারেননি। রাজনীতিতে মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় সম্পদ।
প্রশ্ন: জনগণ ও রাষ্ট্রের প্রতি আপনার শেষ বার্তা কী?
কাদের সিদ্দিকী: জনগণের প্রতি আমার বিশেষ কোনো বার্তা নেই। আমি নিজেকে খুব সাধারণ ও অধম মানুষ মনে করি। তবে দেশের মানুষের কাছে একটি অনুরোধ রয়েছে। জমির মালিক নিজের জমির খাজনা ও দাখিলা ঠিক রাখেন। দেশের মালিক জনগণ। তাই দেশ সম্পর্কে তাঁরা কী ভাবেন, কী পছন্দ করেন আর কী পছন্দ করেন না, তা তাঁদের মুখ ফুটে বলতে হবে।
মানুষের কথা রাস্তাঘাটে উচ্চারিত হলেও তা একসময় আকাশে পৌঁছাবে, আল্লাহর কাছেও পৌঁছাবে এবং তার প্রতিফলন ঘটবেই।
দেশের মানুষের প্রতি আমার অনুরোধ, অন্যায়ভাবে নয়, বরং স্বাভাবিকভাবে তাঁদের অবহেলা করা এবং গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে দেশের প্রতি উদাসীন হয়ে পড়েছেন। দেশ আমার, আপনার, সবার। নিজের সন্তানের প্রতি উদাসীন হলে যেমন সন্তান ভালোভাবে বেড়ে ওঠে না, তার স্বাস্থ্য, শিক্ষা ও মেধার বিকাশ বাধাগ্রস্ত হয়, তেমনি দেশের প্রতিও উদাসীন থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না।