
মৃত্যুদণ্ডের রায়ের পরও দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শত শত মামলা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচারাধীন আরও ছয়টি মামলা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলার সংখ্যা ৬৭৩। এর মধ্যে ৪৫৭টি মামলাই হত্যা-সংক্রান্ত অভিযোগে করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্যের বরাতে এ তথ্য জানিয়েছে খোলা কাগজ।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।
পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরুর প্রথম দিন ২০২৪ সালের ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তী সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণা করেন। ওই রায়ে শেখ হাসিনা ও তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে এ বিষয়ে আবেদন করে। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারি হয়নি।
অন্যদিকে, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ ধরনের কোনো আবেদন পাওয়ার কথা অস্বীকার করেছে দিল্লি বাংলাদেশ হাইকমিশন।