

বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর চালুর সম্ভাবনা যাচাইয়ে বিআইডব্লিউটিএর পরিদর্শন, নদীর ১৪টি স্থানে নাব্যতা সংকট; অবকাঠামো সংস্কার নিয়েও নতুন করে ভাবনা
কুমিল্লার বিবির বাজারে আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের উদ্যোগ ছয় বছরেও আলোর মুখ দেখেনি। গোমতী নদীর নাব্যতা সংকট, নদীর ওপর নির্মিত সেতুগুলোর উচ্চতা এবং বিভিন্ন অবকাঠামোগত প্রতিবন্ধকতায় থমকে আছে সম্ভাবনাময় এ প্রকল্প। দীর্ঘ বিরতির পর প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ে আবারও তৎপরতা শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
শনিবার (১৪ নভেম্বর) গোমতী নদীর দাউদকান্দি প্রান্ত থেকে শুরু করে ভারতের সঙ্গে সীমান্তবর্তী কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার পর্যন্ত নদীপথ পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামসহ একটি প্রতিনিধিদল। নৌপথ সচল করে প্রস্তাবিত নৌবন্দর চালুর সম্ভাবনা যাচাই করতেই এ পরিদর্শন।
পরিদর্শনকালে নদীর বিভিন্ন অংশের নাব্যতা পরিস্থিতি, রেলওয়ে সেতু এবং আঞ্চলিক সড়কের ওপর নির্মিত সেতুগুলো পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। সংশ্লিষ্টদের মতে, নদীর নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি অন্তত ৩০টি সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এসব অবকাঠামো নৌযান চলাচলের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
শনিবার বিকেলে কুমিল্লা সার্কিট হাউসে পরিদর্শন দলের প্রধান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম এবং কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম বলেন, সরেজমিনে নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্টদের বক্তব্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সাধারণ নদীর তুলনায় গোমতীর ঢাল অনেক বেশি। ফলে পানি দ্রুত মেঘনা নদীতে চলে যায়। অন্য নদীর মতো পানির প্রবাহ ধরে রাখতে হলে গোমতীকে আরও গভীর করে খনন করতে হবে। এ ছাড়া ভারতের অংশে থাকা বাঁধ থেকেও সব সময় পানি ছাড়া হয় না। তাই প্রকল্প বাস্তবায়নে সব বিষয় বিবেচনায় নিতে হবে।
নদীর ওপর নির্মিত সেতুগুলোর বিষয়ে তিনি বলেন, গোমতী নদীর ওপর অন্তত ৩০টি সেতু রয়েছে। নৌযান চলাচল নিশ্চিত করতে এসব সেতুর উচ্চতা নিয়েও নতুন করে ভাবতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক স্বার্থ বিবেচনায় নিয়েই প্রকল্পটি শুরু হয়েছিল। কিন্তু নদীর ওপর থাকা বিভিন্ন অবকাঠামো বড় বাধা হয়ে দাঁড়ায়। সেগুলো অপসারণ বা সংস্কার করতে প্রকল্পের মূল ব্যয়ের সমপরিমাণ অর্থ প্রয়োজন হতে পারে। এ কারণেই প্রকল্পের কাজ থেমে যায়। তবে এটি বন্ধ হয়নি, স্থগিত রয়েছে।
তিনি আরও বলেন, কুমিল্লার সঙ্গে রাজধানীর যোগাযোগের ক্ষেত্রে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরতা রয়েছে। বিকল্প সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও সময় লাগবে। এ অবস্থায় দ্রুত যোগাযোগব্যবস্থা কার্যকর করতে নৌপথ সচল করা গুরুত্বপূর্ণ। সরকারও এ বিষয়ে আগ্রহী। প্রয়োজনীয় অবকাঠামো সংস্কারের মাধ্যমেও সমস্যার সমাধান সম্ভব।
এ সময় বিআইডব্লিউটিএর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) মো. সাজেদুর রহমান, পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা) মো. মহিউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত নৌপ্রটোকল চুক্তির দ্বিতীয় সংযোজনীতে গোমতী নদীপথটি অন্তর্ভুক্ত করা হয়। ওই বছরের ৫ সেপ্টেম্বর এ পথে ১০ টন সিমেন্ট নিয়ে একটি বার্জ ভারতের সোনামুড়ায় যায়। তবে গোমতী নদীর অন্তত ১৪টি স্থানে নাব্যতা সংকট, সেতুর উচ্চতা কম থাকাসহ নানা প্রতিবন্ধকতায় নিয়মিত নৌযান চলাচল শুরু করা সম্ভব হয়নি।
সম্প্রতি কুমিল্লার বিবির বাজারে নৌবন্দর স্থাপন এবং গোমতী নদীপথ সচল করার উদ্যোগ নেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এরই ধারাবাহিকতায় প্রকল্পের বাস্তবায়ন সম্ভাবনা যাচাইয়ে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদল নদীপথ পরিদর্শন করে।