
মুরাদনগর বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের স্থান পরিবর্তনে নিকারের অনুমোদন; বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় হবে প্রশাসনিক কেন্দ্র
কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় নবসৃষ্ট উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনসেবাকে সহজ করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠন, একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভায় অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সদর দপ্তর খামারগ্রাম মৌজায় স্থাপনের প্রস্তাব ছিল। নতুন সিদ্ধান্তে সেই প্রস্তাব পরিবর্তন করে দক্ষিণ বাঙ্গরা মৌজাকে প্রশাসনিক সদর দপ্তরের স্থান হিসেবে অনুমোদন দেওয়া হলো।
এ ছাড়া কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরি উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরি থানা’ এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একই সভায় বগুড়ার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়।
পাশাপাশি ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পৌরসভা গঠন এবং উপজেলা প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের উদ্যোগী বিভাগ স্থানীয় সরকার বিভাগ।