

ভূমি অফিসের তদন্তে সরকারি রাস্তা দখলের প্রমাণ, উচ্ছেদ মামলা ডিসি কার্যালয়ে; অভিযান ঠেকাতে ব্যক্তিগত জমির কাগজে আদালতে নিষেধাজ্ঞার আবেদন
কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল এলাকায় শতবর্ষী একটি সরকারি পাকা রাস্তা দখল করে বাউন্ডারি ওয়াল ও টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপির সাবেক সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি নায়েব আলীর বিরুদ্ধে।
উপজেলা ভূমি অফিসের তদন্তে সরকারি রাস্তার জমি দখলের প্রমাণ পাওয়ার পর প্রশাসন উচ্ছেদ মামলা দায়ের করেছে। উচ্ছেদ অভিযান ঠেকাতে এবার ভিন্ন দাগ-খতিয়ানের ব্যক্তিগত জমির কাগজ দেখিয়ে দেওয়ানি আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেছেন অভিযুক্ত নায়েব আলী। তাঁর বিরুদ্ধে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
সরেজমিন ও উপজেলা ভূমি অফিসের নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, দারোরা-কাজিয়াতল সুপার মার্কেট সড়কের অরার পুকুরপাড়ের দক্ষিণ-পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তাটি কাজিয়াতলসহ আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন হাজারো মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ রাস্তা ব্যবহার করে।
অভিযোগ রয়েছে, রাস্তার পাশের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নায়েব আলী সরকারি রাস্তার মূল অংশ ভরাট করে বাউন্ডারি ওয়াল ও দোচালা টিনের ঘর নির্মাণ করেছেন। এতে প্রশস্ত রাস্তাটি সংকুচিত হয়ে বিপজ্জনক বাঁকে পরিণত হয়েছে। ফলে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
জনদুর্ভোগ নিরসনে গত ২৭ জুলাই এলাকাবাসীর পক্ষ থেকে মুরাদনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার সরেজমিনে জমি পরিমাপ করে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে কাজিয়াতল মৌজার (জেএল নং-১৩৭) বি.এস ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৫২৩ নম্বর দাগের রাস্তা শ্রেণির ০.০২০০ একর সরকারি জমি অবৈধভাবে দখলের বিষয়টি উঠে আসে।
স্থাপনা সরিয়ে নিতে ভূমি অফিসের নির্দেশ অমান্য করায় গত ৫ নভেম্বর মুরাদনগরের সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান অভিযুক্ত নায়েব আলীর বিরুদ্ধে ‘উচ্ছেদ বিবিধ মামলা’ (নং-৫৬১/২০২৬-২৭) দায়ের করেন।
পরবর্তীতে গত ৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের (রুটিন দায়িত্ব) কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদন ও উচ্ছেদ অভিযানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মূল নথি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়।
এদিকে, প্রশাসনের উচ্ছেদ অভিযান আঁচ করতে পেরে নায়েব আলী মুরাদনগর সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নং-১৭৮/২০২৬) দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেছেন বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, আদালতে দায়ের করা মামলার আরজিতে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের ৪৫২৩ নম্বর দাগের জমির তথ্য গোপন রেখে এর পরিবর্তে নিজের ব্যক্তিগত মালিকানাধীন বি.এস ১৫৪০ ও ১৫৪১ নম্বর খতিয়ানের ৪৪৮১ ও ৩৭৮৬ নম্বর দাগের জমির তথ্য উপস্থাপন করেছেন তিনি। এতে সরকারি রাস্তা দখলের প্রকৃত বিরোধকে ভিন্ন জমির বিরোধ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।
এছাড়া সরকারি খাস জমি-সংক্রান্ত বিরোধে জেলা প্রশাসককে (ডিসি) বিবাদী করার আইনি বাধ্যবাধকতা থাকলেও তিনি তা এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি এলজিইডির নির্মিত গ্রামীণ রাস্তাটিকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন দেখিয়ে ভুল দপ্তরকে বিবাদী করা হয়েছে বলেও নথিপত্রে দেখা যায়।
এলাকাবাসীর অভিযোগ, ভূমি অফিসের তদন্তে সরকারি রাস্তার যে দাগে দখলের প্রমাণ পাওয়া গেছে, আদালতের মামলায় সেই দাগের পরিবর্তে ব্যক্তিগত জমির ভিন্ন দাগ দেখানো হয়েছে। এতে সরকারি রাস্তা উদ্ধারের প্রশাসনিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভিযোগকারী এলাকাবাসীর পক্ষে মো. কামাল হোসেন বলেন, “উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের মাপজোখে সরকারি রাস্তার জায়গা দখলের বিষয়টি প্রমাণিত হয়েছে এবং ডিসি অফিসে উচ্ছেদের ফাইল পাঠানো হয়েছে। এখন উচ্ছেদ ঠেকাতে নায়েব আলী মেম্বার নিজের ব্যক্তিগত দাগের কাগজ দেখিয়ে আদালতকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা দ্রুত এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।”

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ারের মাপজোখে সরকারি রাস্তার জায়গা দখলের বিষয়টি প্রমাণিত হয়েছে। উচ্ছেদের ফাইলও জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন উচ্ছেদ ঠেকাতে নায়েব আলী মেম্বার নিজের ব্যক্তিগত জমির ভিন্ন দাগের কাগজ দেখিয়ে আদালতে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আমরা দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাধারণ মানুষের চলাচলের পথ উন্মুক্ত করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নায়েব আলীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর দায়ের করা মামলার আরজিতে দাবি করা হয়েছে, ১৯৮৬ সালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে তিনি নিজের জমিতে রাস্তা নির্মাণের সুযোগ দিয়ে বিনিময়ে পাশের ডোবা শ্রেণির জমি ভোগদখল করছেন।
তবে ভূমি-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রচলিত ভূমি আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা স্থানীয় জনপ্রতিনিধি মৌখিক সমঝোতা কিংবা সালিশের মাধ্যমে সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমি বিনিময় বা হস্তান্তর করতে পারেন না।
মুরাদনগর উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উচ্ছেদ মামলার নথিটি বর্তমানে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা পাওয়া মাত্রই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি রাস্তাটি দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।