

নিজস্ব অর্থায়নে বিশাল উদ্যোগ, ঘরে বসেই মিলবে ভূমিসেবা; কমবে জালিয়াতি, দুর্নীতি ও জমি নিয়ে বিরোধ
দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমি রেকর্ড ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এবং ইউএনডিপির মধ্যে এ চুক্তি সম্পন্ন হয়। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া এ উদ্যোগের মাধ্যমে ভূমিসেবাকে আধুনিক, স্বচ্ছ, নির্ভুল ও জনবান্ধব করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান বিপিএএ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এই উদ্যোগের আওতায় হোল্ডিং ও খতিয়ানের যাবতীয় তথ্য একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে। ফলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে ভূমির রেকর্ড যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমি অফিসে বারবার যাতায়াত, দীর্ঘসূত্রতা, হয়রানি এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র ছিল অত্যন্ত হতাশাজনক। ভূমির সুষ্ঠু বণ্টন ও ব্যবস্থাপনার অভাবে ভূমিদস্যুদের দৌরাত্ম্য এবং ফড়িয়া-দালালদের প্রভাব সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। ভূমি নিয়ে বিরোধ, খুনোখুনি ও নানা অরাজকতার ঘটনাও ঘটেছে।
তিনি বলেন, যুগের পরিবর্তনের সঙ্গে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটাতে সরকার কাজ করছে। আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় ইউএনডিপির সঙ্গে এ চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে। নির্ভুল ডিজিটাল রেকর্ডই টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। এ অংশীদারত্ব ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং নাগরিকদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর বিশ্বাস, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটানো সম্ভব।
তিনি বলেন, ভূমি নিয়ে বিরোধ ও হানাহানি কারও কাম্য নয়। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণ। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ডিজিটাল ভূমিসেবার সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নির্ভরযোগ্য ভূমি রেকর্ড তৈরিতে এ চুক্তি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভাণ্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই করা সম্ভব নয়। ভূমি অফিসের রেকর্ড যত বেশি নির্ভুল হবে, সাধারণ মানুষের ভোগান্তি তত কমবে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমার পাশাপাশি সরকারি রাজস্ব আদায়েও স্বচ্ছতা নিশ্চিত হবে।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, এ উদ্যোগের সাফল্য শুধু কতগুলো ভূমি রেকর্ড ডিজিটাল করা হলো, তার ওপর নির্ভর করবে না; বরং নাগরিকেরা এসব রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি। ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান বিপিএএ। প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির পূর্ববর্তী অংশীদারত্বের ধারাবাহিকতায় দেশব্যাপী এ বৃহৎ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রাক্-পাইলট কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে আটটি পাইলট জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ইতোমধ্যে ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটালাইজ করা হয়েছে। নতুন চুক্তির আওতায় বহুস্তরীয় তথ্য যাচাই, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিদ্যমান রেকর্ডের অসংগতি দূর করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ভূমি রেকর্ড জালিয়াতির সুযোগ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ কার্যক্রম বাস্তবায়িত হলে বিশেষ করে নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা গ্রহণ আরও সহজ, নিরাপদ ও হয়রানিমুক্ত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।