

দারোরার ভূমি অফিসে সেবাগ্রহীতার চেয়ে ফেসবুক সাংবাদিক বেশি! হয়রানি ও কাজে বিঘ্নের অভিযোগ
মুরাদনগরে কথিত অনলাইন সাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সেবাপ্রার্থী ও কর্মকর্তারা, জমির নামজারি-খারিজ করাতে গিয়েও ফিরতে হচ্ছে সাধারণ মানুষকে; প্রশাসনের হস্তক্ষেপ দাবি
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন ভূমি অফিসে সরকারি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। সেবাগ্রহীতাদের অভিযোগ, ভূমি অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কক্ষ ও বারান্দায় একদল কথিত ফেসবুক সাংবাদিকের নিয়মিত আড্ডা, অযাচিত প্রশ্ন এবং দীর্ঘ সময় অবস্থানের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম। এতে জমির শ্রেণি পরিবর্তন, নামজারি ও খারিজসহ প্রয়োজনীয় ভূমিসেবা নিতে এসে একাধিকবার ফিরে যেতে হচ্ছে অনেককে।
স্থানীয়দের ভাষ্য, দারোরা ইউনিয়ন ভূমি অফিসটি কাজিয়াতল গ্রামে অবস্থিত। এখানে কোনো নাগরিক ভূমিসেবা নিতে গেলে একদল ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ ও নানা প্রশ্ন করতে শুরু করেন। তাদের অনেকেই ফেসবুক পেজ, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল কিংবা কথিত আইপি টিভির পরিচয় ব্যবহার করেন। ফলে সেবাগ্রহীতারা কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
ভুক্তভোগীদের প্রশ্ন, কোনো নাগরিকের লিখিত অভিযোগ থাকলে কিংবা ভূমি অফিসের সেবায় অনিয়মের নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সাংবাদিকেরা অবশ্যই সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের কাছে গিয়ে বক্তব্য নিতে পারেন। কিন্তু অভিযোগের সুনির্দিষ্ট ভিত্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা অফিসে অবস্থান করে সাধারণ মানুষের ব্যক্তিগত জমিজমার বিষয় নিয়ে অযাচিত প্রশ্ন করা কতটা যুক্তিসংগত? সাংবাদিকতার নামে এমন কর্মকাণ্ডে প্রকৃত সেবাগ্রহীতাদের কাজের সুযোগ সংকুচিত হচ্ছে বলে তাদের অভিযোগ।
কাজিয়াতল গ্রামের সেবাপ্রার্থী খোরশেদ আলম, হানিফ মুন্সী, কামাল হোসেন পিন্টু ও বাবুল মুন্সী জানান, দারোরা ইউনিয়ন ভূমি অফিসে অনেক সময় সেবাগ্রহীতাদের তুলনায় নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের সংখ্যাই বেশি দেখা যায়। নিজেদের জমির শ্রেণি, মিউটেশন ও নামজারি-খারিজের কাজ সম্পন্ন করতে একাধিক দিন অফিসে গিয়েও তারা প্রয়োজনীয় সেবা নিতে পারেননি। তাদের অভিযোগ, এসব ব্যক্তির অবাধ অবস্থান ও অযাচিত প্রশ্নের কারণে সাধারণ মানুষ কর্মকর্তাদের কাছে সহজে পৌঁছাতে পারেন না।
খোরশেদ আলম বলেন, এসব সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি প্রায়ই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কক্ষ ও বারান্দায় অবস্থান করেন এবং পায়চারি করেন। এতে অফিসের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়। সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজে গেলেও অনেক সময় কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পান না। তার অভিযোগ, বিভিন্ন অপ্রাসঙ্গিক প্রশ্ন ও ভিডিও ধারণের পর ৫০০ কিংবা ১ হাজার টাকা পাওয়ার পর তারা চলে যান।
স্থানীয়দের অভিযোগ, ফেসবুকে পেজ খুলে কিংবা মোবাইল ফোনে ভিডিও ধারণ করেই কেউ কেউ নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিচ্ছেন। অথচ সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা, পেশাগত দায়িত্ব ও জবাবদিহির বিষয়গুলো অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে সরকারি দপ্তরে সাধারণ মানুষের কাজে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
কামাল হোসেন পিন্টু বলেন, প্রশাসনের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা। কোনো ব্যক্তি সাংবাদিক পরিচয়ে সরকারি দপ্তরে গিয়ে সাধারণ মানুষের সেবাগ্রহণে বাধা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে প্রকৃত সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। লিখিত অভিযোগ বা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রশাসন বিষয়টি তদন্ত করতে পারে।
সচেতন মহলের মতে, সরকারি ভূমি অফিস জনগণের সেবাকেন্দ্র, কারও ব্যক্তিগত আড্ডাখানা নয়। একইভাবে সাংবাদিকতার পরিচয়ও কোনো দপ্তরে প্রভাব বিস্তার কিংবা সাধারণ মানুষকে বিব্রত করার অনুমতিপত্র হতে পারে না। অনিয়ম-দুর্নীতি অনুসন্ধান, জনগণের অভিযোগ তুলে ধরা এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করাই সাংবাদিকতার দায়িত্ব। কিন্তু সেই পরিচয়ের আড়ালে সেবাগ্রহীতাদের কাজে বিঘ্ন ঘটলে তা জনস্বার্থের পরিপন্থী।
এ বিষয়ে দারোরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খায়রুল আমান মজুমদার বলেন, প্রায়ই বিভিন্ন ব্যক্তি সাংবাদিক পরিচয়ে ভূমি অফিসে আসেন এবং মোবাইল ফোনে যোগাযোগ করেন। তারা কী উদ্দেশ্যে আসেন কিংবা প্রকৃতপক্ষে সাংবাদিক কি না, তা যাচাই করার মতো সময় তাঁর নেই। তাছাড়া সাংবাদিকদের পরিচয় যাচাই করা তাঁর দাপ্তরিক দায়িত্বের মধ্যেও পড়ে না। ফলে কে প্রকৃত সাংবাদিক আর কে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করছেন, তা নির্ধারণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় দারোরা ইউনিয়ন ভূমি অফিসে সেবার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যকর নজরদারি দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে অফিসে বহিরাগতদের অযথা অবস্থান নিয়ন্ত্রণ, সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে কর্মকর্তাদের কাছে যাওয়ার সুযোগ এবং সাংবাদিকদের তথ্য সংগ্রহের জন্য সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
তাদের প্রশ্ন—সাংবাদিকতার পরিচয় কি সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি সাংবাদিকতা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার?