বাংলাদেশ জামায়াতের নিবন্ধন রায় ঘোষণা হবে আগামীকাল, যা দলটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। হাইকোর্টের দেওয়া নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার জন্য রোববার (১ জুন) দিন ধার্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে, রোববার সকালে এ রায় ঘোষণা করবেন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় শীর্ষে রয়েছে।
শনিবার (৩১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, “ইনশাল্লাহ আগামীকাল সকালে জামায়াতের নিবন্ধন মামলার রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।”
এর আগে, ১৪ মে চতুর্থ দিনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য ১ জুন তারিখ নির্ধারণ করেন আদালত। মামলার শুনানি শুরু হয়েছিল ১২ মার্চ।
প্রসঙ্গত, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট এক রিটের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে।
২০১৩ সালের হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হলেও, আপিল বিভাগের আগের আদেশ পুনরুজ্জীবনের মাধ্যমে আইনি লড়াই নতুন গতি পায়। এখন জামায়াতের নিবন্ধন রায় যদি ইতিবাচক হয়, তবে দলটি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকসহ নির্বাচন কমিশনে ফিরে আসার সুযোগ পাবে।

আজকের কথা ডেস্ক