প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিএনপি নেতাকে খুশি রাখতে কার্যাদেশ ছাড়া কাজ, বিএমডিএর প্রকল্পে তুঘলকি কাণ্ড

কার্যাদেশ ছাড়া কাজ
আজকের কথা ডেস্ক

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি প্রকল্পে কার্যাদেশ ছাড়া কাজ দিয়ে বিএনপি-ঘনিষ্ঠ ঠিকাদারকে খুশি রাখার অভিযোগ উঠেছে। প্রকল্প পরিচালক (পিডি) নাজিরুল ইসলাম ‘বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প-২য় পর্যায়’ বাস্তবায়নের দায়িত্বে থেকে নওগাঁর প্রকল্প ব্যর্থ হওয়ায় রাজশাহীতে কার্যাদেশ না দিয়েই সেই একই ঠিকাদারকে কাজ দিয়েছেন।

২১ লাখ ৯৯ হাজার টাকার ওই কাজটি পেয়েছে ঠাকুরগাঁওয়ের আর আর এন্টারপ্রাইজ, যার স্বত্বাধিকারী রুহুল আমিন ঠাকুরগাঁও পৌর বিএনপির সহসভাপতি। নিয়ম অনুযায়ী, পূর্বের কাজ বাতিল করে নতুন দরপত্র আহ্বান করে রাজশাহীতে কাজ দেওয়ার কথা থাকলেও সেটি করা হয়নি, যা সরাসরি প্রশাসনিক অনিয়ম বলে মনে করছেন বিএমডিএর কর্মকর্তারা।

প্রকল্প নথি অনুযায়ী, জানুয়ারি মাসে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে খাল সংস্কারের দরপত্র আহ্বান করা হয় এবং ১৭ এপ্রিল আর আর এন্টারপ্রাইজকে কাজ দেওয়া হয়। কিন্তু খালে পানি জমে যাওয়ার অজুহাতে কাজ শুরু না করেই ঠিকাদারকে নতুন এলাকা রাজশাহীর গোদাগাড়ীতে কাজ করতে দেওয়া হয়। এখন পর্যন্ত সেখানকার ৬০০ মিটার খাল খনন শেষ হয়েছে।

সূত্র জানায়, নওগাঁয় ৭০০ মিটার কাজের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ হলেও, রাজশাহীতে ১,৬০০ মিটার খালের কাজ একই দামে দেওয়া হয়েছে—যা মূল্য প্রাক্কলনের গুরুতর অসঙ্গতি। বিএমডিএর এক কর্মকর্তা জানান, “এক প্রকল্পের হিসাব দিয়ে অন্য এলাকায় কাজ দেওয়া অগ্রহণযোগ্য ও নিয়মবহির্ভূত।”

কার্যাদেশ ছাড়া কাজ
বিএনপি নেতাকে খুশি রাখতে কার্যাদেশ ছাড়া কাজ, বিএমডিএর প্রকল্পে তুঘলকি কাণ্ড—- ছবি। দৈনিক আজকের কথা

প্রকল্প পরিচালক নাজিরুল ইসলাম এই বিষয়ে বলেন, “মহাদেবপুরে খাঁড়িতে পানি চলে আসায় কাজ করা যায়নি। তাই ওই ঠিকাদারকে গোদাগাড়ীতে কাজ দেওয়া হয়েছে। এটি অনিয়ম নয়।” তবে অন্য এক কর্মকর্তা বলেন, “এভাবে একজন ঠিকাদারকে সন্তুষ্ট করতে অন্য কাজ দেওয়া যায় না। এটি স্পষ্ট অনিয়ম।”

এ বিষয়ে আর আর এন্টারপ্রাইজের মালিক ও বিএনপি নেতা রুহুল আমিন বলেন, “কাজ পেয়েছি বলে কাজ করছি। কে কীভাবে দিয়েছে, তা আমি জানি না।”

তবে, কার্যাদেশ ছাড়া কাজ এবং রাজনৈতিক পরিচয়ের প্রভাব নিয়ে তৈরি হওয়া প্রশ্নের বিষয়ে এখনো বিএমডিএর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা আসেনি। ভারপ্রাপ্ত সচিব এনামুল কাদির বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।”

প্রিন্ট করুন