

একতরফা নির্বাচন করতে সরকার উঠেপড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, এই ধরনের নির্বাচনের মাধ্যমে সরকার যেমন জনগণের সমর্থন হারাবে, তেমনি আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা পাবে না।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাপার প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
জি এম কাদের বলেন, “শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাদ দিয়ে কোনো নির্বাচনই জাতীয় বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না।”
তিনি আরও বলেন, “এমন নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হিসেবে গণ্য হতে পারে না। কারণ এতে জনগণ ভোটে আগ্রহ হারায়, ফলস্বরূপ প্রকৃত ভোটগ্রহণও বাধাগ্রস্ত হয়।”
তার দাবি, দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান ছাড়া অর্থনৈতিক দুরবস্থা, মূল্যস্ফীতি ও আইনশৃঙ্খলার অবনতি রোধ করা সম্ভব নয়। বরং দেশ চরম বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু। আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আলমগীর শিকদার লোটন ও লিয়াকত হোসেন খোকা প্রমুখ।
জাতীয় পার্টি নেতারা বলেন, একতরফা নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি। তারা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।