প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দারের জানাজায় জনতার ঢল

সত্য কে মিথ্যা বলছেন 20250614 181635 0000
রোমানা আক্তার

সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দারের শেষ জানাজায় চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি মাঠে জনতার ঢল নামে। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজায় রাজনৈতিক নেতাসহ হাজারো সাধারণ মানুষ, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ী অংশ নেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান।

আজ শনিবার দ্বিতীয় জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর মায়ের পাশে দাফন সম্পন্ন হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন জেলা পুলিশের একটি দল ও অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ছেলুন জোয়ার্দ্দার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, ভাইবোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ওই দিন রাত ১১টায় গুলশানের আজাদ মসজিদে। সেখানে বক্তব্য দেন তাঁর ছোট ভাই রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যিনি দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন।

সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার
সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার এর শেষ জানাজায় চুয়াডাঙ্গা ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি মাঠে জনতার ঢল নামে। বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের — ছবি দৈনিক আজকের কথা।

ছেলুন জোয়ার্দ্দার ছিলেন ১৯৭১ সালের মুকুট বাহিনীর একজন বীর সদস্য। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৭৩ সালে যুবলীগের চুয়াডাঙ্গা মহকুমা সভাপতি, পরে ১৯৭৯ সালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সাল থেকে টানা চারবার চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্বও পালন করেছেন। রাজনৈতিক কর্মজীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক।

২০১২ সালে তিনি প্রতিষ্ঠা করেন ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এছাড়া তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি, রাইফেল ক্লাব ও জেলা ক্রীড়া সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

মৃত্যুর আগ পর্যন্ত ছেলুন জোয়ার্দ্দার একাধিকবার রাজনৈতিক হয়রানি ও নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

সাবেক এমপি ছেলুন জোয়ার্দ্দার এর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অবদান, কর্ম, সাহসিকতা এবং মানুষের প্রতি ভালোবাসা রাজনীতির গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়েও জায়গা করে নিয়েছিল। দল-মত নির্বিশেষে এই প্রিয় নেতার বিদায়ে শোকে বিহ্বল পুরো অঞ্চল।

প্রিন্ট করুন