ড. ইউনূস বিতর্ক যেন নতুন মোড় নিচ্ছে তাঁর সাম্প্রতিক বিলেত সফরকে কেন্দ্র করে। দেশে একের পর এক দুর্নীতির মামলা ও আদালতের রায়ে ব্যস্ত থাকা নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ হঠাৎই যুক্তরাজ্যে কিছু ‘প্রভাবশালী’ বাঙালি-সমর্থিত কর্মসূচিতে ‘বিজয়ী নেতা’র মতো হাজির হয়েছেন। আর এ ঘটনাকে গোলাম মাওলা রনি ইতিহাসে “মাইলফলক” আখ্যা দিয়ে নতুন করে বিতর্কে ইন্ধন জুগিয়েছেন।
সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘ড. ইউনূসের বিস্ময়কর বিলেত বিজয় বাংলার ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। তিনি যেভাবে একটি বিরূপ সময়কে কেবলমাত্র বুদ্ধি এবং কৌশল দিয়ে ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের দিকে ঘুরিয়ে সুসময়ে পরিণত করলেন, তা থেকে রাজনীতিবিদদের অনেক কিছু শেখার আছে!’
তবে বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের এই “বিজয়” আদৌ কি বিজয়, নাকি প্রবাসী কিছু স্বার্থান্বেষী মহলের প্রচারযন্ত্র—তা এখনই বলা মুশকিল। দেশে তাঁর বিরুদ্ধে দুর্নীতি, শ্রম আইন লঙ্ঘন এবং ট্যাক্স ফাঁকির যেসব অভিযোগ রয়েছে, তা এখনো বিচারাধীন। অথচ বিদেশে নিজেকে “গণতন্ত্রের প্রতীক” হিসেবে তুলে ধরার কৌশল রাজনীতির পর্দার আড়ালে নতুন নাটক বলে অনেকে মনে করছেন।
রনির এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন—“বাংলাদেশে বিচার এড়াতে বিলেতে গন্তব্য করে যাওয়া কি কৌশলী আত্মরক্ষা, নাকি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ?”
ড. ইউনূস বিতর্ক এখন শুধু বাংলাদেশ নয়, প্রবাসী রাজনীতিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠছে, তাঁর এই ‘বিজয়গাথা’ কতটা বাস্তব, আর কতটাই বা চাতুর্যপূর্ণ ধোঁয়াশা—যার আড়ালে চাপা পড়ে যাচ্ছে দেশের বাস্তবতা ও আইনি প্রক্রিয়ার সম্মান।

রোমানা আক্তার