চট্টগ্রামের কর্ণফুলীতে এক নারীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার (১৬ জুন) র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কর্ণফুলীতে নারী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এবং কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেবুনেস্সা।
জানা গেছে, আক্রান্ত নারীর বয়স ২৬ বছর। তিনি কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের বাসিন্দা। দুই দিন আগে জ্বর, ঠান্ডা ও কাশির উপসর্গ নিয়ে তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ আসে।
চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত রোগীর অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগ বিষয়টি তদারকি করছে।
এদিকে, কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো করোনা পরীক্ষার সুবিধা না থাকায় রোগীদের নগরীতে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেবুনেস্সা বলেন, “আমরা পর্যাপ্ত লজিস্টিক সরঞ্জাম পেলেই এখানেই করোনা পরীক্ষা চালু করব। তবে এখনো কেউ করোনার উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ এবং সামাজিক দূরত্ব রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, করোনার পুরনো আতঙ্ক যেন আবার ফিরে না আসে।
সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কর্ণফুলীতে নারী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্থানীয়ভাবে স্বাস্থ্য ঝুঁকির বার্তা দিচ্ছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে এবং পরিস্থিতির উপর কঠোর নজরদারি চলছে।

আকাশ নীল