উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে নগর ভবনের সামনে বিক্ষোভে নেমেছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকেই ‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়ে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি জানান। আন্দোলনকারীদের অভিযোগ, এ দুই উপদেষ্টা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট আচরণ করছেন এবং ইশরাকের মেয়রত্ব নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, “আপিল বিভাগের রায়ের পর আমাকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, অথচ সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।” তিনি জানান, জনদুর্ভোগ এড়াতে জরুরি সেবা চালু রেখেই আন্দোলন চালিয়ে যাবেন তারা।
তিনি আরও বলেন, “ঈদের মধ্যে পরিচ্ছন্নতাকর্মীরা মাঠে থেকে নিরলসভাবে কাজ করেছেন, তাদের ধন্যবাদ জানাই। মশকনিধন কার্যক্রমও যেন স্বাভাবিক থাকে, সে বিষয়ে আমরা তদারকি করছি।”
ইশরাক জানিয়েছেন, আগামীকাল ৭০টির বেশি ওয়ার্ডসচিবের সঙ্গে বৈঠক রয়েছে এবং বিভিন্ন দপ্তরের কর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক চলবে।
একই দিনে নগর ভবনের একটি সভায় তাকে প্রধান অতিথি করা হয়, যেখানে ব্যানারে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে উল্লেখ করা হয়।
অন্যদিকে, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, “বিষয়টি এখনো বিচারাধীন এবং স্থানীয় সরকার বিভাগ কোনো আইন ভঙ্গ করেনি। গেজেট ও করপোরেশনের মেয়াদ শেষ হওয়ায় শপথ নেওয়ার আইনি সুযোগ নেই।”
তিনি অভিযোগ করেন, নগর ভবন দখল করে নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা ও আইনের শাসনের প্রতি অবমাননা।
উপদেষ্টার পদত্যাগ দাবি করে ইশরাকপন্থীরা বলেন, এ দুজনের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা মনে করেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অপসারণই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করবে এবং বৈধভাবে দায়িত্বপ্রাপ্ত মেয়র ইশরাক হোসেনের কার্যক্রমে আর কোনো বাধা থাকবে না।

রোমানা আক্তার