প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ছাব্বির হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে এসে দেবীদ্বারের সাবেক মেয়র শামিম আটক

FB IMG 1750148009207
রোমানা আক্তার

ছাব্বির হত্যা মামলায় আদালতে হাজিরা দিতে এসে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামিম (৪৫) আটক হয়েছেন। হাইকোর্ট থেকে জামিনে মুক্ত থাকার পর নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (১৭ জুন) তিনি কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ইয়াছির আরাফাত।

দেবীদ্বারের সাবেক মেয়র শামিম কুমিল্লা জেলার দেবীদ্বার পৌর এলাকার বাসিন্দা এবং স্থানীয় মো. নুরুল ইসলামের ছেলে। তিনি আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ছাত্র ছাব্বির হত্যা মামলার এজহারভুক্ত আসামি।

সম্প্রতি হাইকোর্ট থেকে তিনি ৮ সপ্তাহের জামিনে মুক্ত হন। জামিনের শর্ত অনুযায়ী সময় শেষ হলে মঙ্গলবার দুপুরে তিনি কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে যান। সেখানে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আলোচিত এই মামলায় আরও কয়েকজন রাজনৈতিক নেতার নাম থাকলেও শামিম ছিলেন অন্যতম প্রভাবশালী আসামি। স্থানীয়ভাবে তিনি ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

ছাব্বির হত্যা মামলায় প্রভাবশালীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মাঝে দীর্ঘদিন ধরেই ক্ষোভ রয়েছে। সাবেক মেয়র শামিমের গ্রেপ্তারের খবরে এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে এই মামলায় নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।

প্রিন্ট করুন