প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩৫ বছরের বিএনপি নেতার ‘হাইজ্যাকড’ পরিচয়! এনসিপির কমিটিতে নাম, রহিম বললেন ‘চক্রান্ত’

সত্য কে মিথ্যা বলছেন 20250618 183640 0000
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

বিতর্কিত নিয়োগ নিয়ে উত্তাল কুমিল্লা রাজনৈতিক অঙ্গন। ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করা আবদুর রহিম ওরফে জুয়েলের নাম হঠাৎ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে প্রকাশ করা হলে শুরু হয় তীব্র সমালোচনা ও বিতর্ক। মঙ্গলবার রাত ৮টার দিকে এনসিপির ফেসবুক পেজে ৩১ সদস্যের কমিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে প্রশ্ন— বিএনপি নেতা কীভাবে এনসিপির নেতৃত্বে এলেন?

রাতে এ বিতর্কে ঘি ঢালেন জুয়েল নিজেই। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি ৩৫ বছর ধরে বিএনপি করি, এই গুজবের কোনো ভিত্তি নেই। আমাকে বিতর্কিত করতেই এনসিপির নাম ব্যবহার করা হয়েছে।” এ নিয়ে কুমিল্লার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন (সিফাত) এনসিপির ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করেন। এতে আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ স্বাক্ষর করেন। কমিটিতে আবদুর রহিমকে প্রধান সমন্বয়কারী করা হয় এবং ৫ জন যুগ্ম সমন্বয়কারীসহ মোট ৩১ জনকে রাখা হয়। তবে বিতর্ক শুরু হলে ওই রাতেই কমিটি ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলা হয়।

বিতর্কিত নিয়োগ
বিতর্কিত নিয়োগ নিয়ে সমালোচনার মুখে ৩৫ বছরের বিএনপির রাজনীতিতে থাকা রহিম।

কমিটির যুগ্ম সমন্বয়কারীরা হলেন সৈয়দ আহসান (টিটু), শরীফুজ্জামান, মাজহারুল ইসলাম, জাহিদুল ইসলাম সরকার ও ইব্রাহিম খালিদ হাসান। বাকি ২৫ জন সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পান।

প্রাক্তন ছাত্রদল নেতা, যুবদল নেতা এবং বর্তমানে নাঙ্গলকোটে বিএনপির রাজনীতিতে সক্রিয় আবদুর রহিম বলেন, “জাতীয় নাগরিক পার্টি একটি কিশোর-তরুণনির্ভর সংগঠন। আমার সঙ্গে কোনো আলোচনা না করেই তাঁরা কমিটিতে আমার নাম বসিয়েছে। আমি এ দলের কেউ নই। আমার ভাবমূর্তি নষ্ট করতে এ কৌশল নেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান বলেন, “আবদুর রহিমের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তাঁর মতামতের ভিত্তিতেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন উল্টো কথা বলছেন।”

হাফসা আরও জানান, “তিনি (রহিম) মঙ্গলবার রাতেও আমাদের বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই দায়িত্ব পালন করতে পারবেন না। তাই কমিটি সরিয়ে নেওয়া হয়েছে।”

এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, রহিমের নাম ব্যবহার করে তাঁর ভবিষ্যৎ বিএনপি পদপ্রাপ্তির পথে কৌশলগত বাধা তৈরির চেষ্টা করা হতে পারে।

বিতর্কিত নিয়োগ নিয়ে সমালোচনার মুখে ৩৫ বছরের বিএনপির রাজনীতিতে থাকা রহিম শেষ পর্যন্ত সাফ জানিয়ে দিয়েছেন, “আমি আজীবন বিএনপিতেই থাকব, এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

প্রিন্ট করুন