সৌদি আরবে মুরাদনগরের প্রবাসীর মৃত্যুর ঘটনায় স্তব্ধ পরিবার ও প্রবাসী মহল। সিগারেট খাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া এক তুচ্ছ ঝগড়ায় জীবন দিতে হলো কুমিল্লার মুরাদনগর উপজেলার কবির ভূঁইয়া (৪৫) নামের এক প্রবাসীকে।
ঘটনাটি ঘটে রিয়াদের একটি রুমে। দীর্ঘদিন ধরে সেখানে একটি বলদিয়া কোম্পানিতে কর্মরত ছিলেন কবির। গত ১৬ জুন রাতে কাজ শেষে রুমে ফেরার পর রুমমেট নোয়াখালীর সাইফুল ইসলাম পলক রুমের মধ্যে ধূমপান করছিলেন। কবির তাকে রুমের বাইরে গিয়ে সিগারেট খেতে বললে সে ক্ষিপ্ত হয়ে কবিরের ওপর বেপরোয়া হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় কবিরকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কিডনিতে প্রচণ্ড আঘাত পেয়ে তিনি তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত ১৮ জুন রাতে মৃত্যুবরণ করেন।

নিহত কবির ভূঁইয়ার বাড়ি মুরাদনগরের মোহাম্মদপুর গ্রামে। তিনি চার সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কবিরের বড় ভাই ফরিদ ভূঁইয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, “ভাই বলেছিল—রুমে সিগারেট খাওয়ায় দম বন্ধ হয়ে যাচ্ছিল। পলককে বলতেই সে ভাইকে বেধড়ক মারধর করে। আঘাতেই ভাইটা আমাদের ছেড়ে চলে গেল।”
সৌদি আরবে মুরাদনগরের প্রবাসীর মৃত্যুর পর থেকেই অভিযুক্ত পলক বর্তমানে পলাতক রয়েছেন। রিয়াদ পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে এবং তদন্ত চলছে বলে জানা গেছে।
পরিবার সরকারের কাছে দাবি জানিয়েছে, যেন দোষী পলকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয় এবং কবিরের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। এক প্রবাসীর এমন নির্মম মৃত্যু কেবল একটি পরিবারের নয়, গোটা সমাজের বিবেক নাড়া দিয়েছে।

আজকের কথা ডেস্ক