প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

দাউদকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, দেড় হাজার আক্রান্তে অস্থির জনজীবন

দাউদকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

দাউদকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি দিনে দিনে আরও ভয়াবহ রূপ নিচ্ছে। কুমিল্লার এই উপজেলায় চলতি জুন মাসেই আক্রান্ত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ। পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রতিটি বাড়িতেই যেন ডেঙ্গু জ্বরে কাঁপছে কোনো না কোনো সদস্য। মৃতের সংখ্যা সরকারি হিসাবে ৫ হলেও স্থানীয়দের দাবি, এই সংখ্যা এর চেয়ে ঢের বেশি। অথচ স্বাস্থ্য বিভাগের কাছে নেই এ বিষয়ে সঠিক তথ্য।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের অভিযোগ, বারবার সতর্ক করা হলেও প্রশাসনের তরফে পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, দাউদকান্দি পৌরসভার ওয়ার্ড ৫ ও ৬ নম্বরকে এখন ডেঙ্গুর ‘হটস্পট’ ঘোষণা করা হয়েছে। সেখানে প্রতিটি মহল্লা—বিশেষ করে দোনারচর, সবজিকান্দি, সাহাপাড়া, নাগেরকান্দি ও দাউদকান্দি বাজার—তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে।

দাউদকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহিত।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবীবুর রহমান বলেন, “ওয়ার্ড দুটির ঘনবসতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং এডিস মশা নিয়ন্ত্রণে তেমন উদ্যোগ না থাকায় সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে।” তিনি আরও জানান, শনাক্ত অধিকাংশ রোগী বেসরকারি হাসপাতালে পরীক্ষা করায় সরকারি পরিসংখ্যান ও বাস্তবতার মধ্যে বড় ব্যবধান থেকে যাচ্ছে।

এদিকে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, জেলার বিভিন্ন উপজেলায় ২৩ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৮৪ জন। কিন্তু শুধু দাউদকান্দিতেই আক্রান্ত দেড় হাজার ছাড়িয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য বলছে। এই বিশাল পার্থক্য দেখে স্পষ্ট, তৃণমূল পর্যায়ে তথ্যসংগ্রহের কার্যকর ব্যবস্থা এখনও গড়ে ওঠেনি।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, “ডেঙ্গু মোকাবেলায় আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনীয় ওষুধ ও জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

তবে এলাকাবাসীর অভিযোগ, এসব উদ্যোগ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। মাঠপর্যায়ে তার কোনো প্রভাব নেই। অপ্রতুল মশানিধন কার্যক্রম এবং তথ্য গোপনের সংস্কৃতিই ডেঙ্গুকে ভয়াবহ রূপ দিয়েছে বলে মনে করছেন তারা।

উল্লেখ্য, দাউদকান্দির বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন নতুন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। আতঙ্কে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।

দাউদকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি এখন কেবল একটি উপজেলা নয়, পুরো জেলার জনস্বাস্থ্য নিরাপত্তার জন্যই হুমকিস্বরূপ হয়ে উঠেছে। সময়মতো কার্যকর পদক্ষেপ না নিলে কুমিল্লা জেলার অন্যান্য এলাকাতেও সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।

প্রিন্ট করুন