প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

উপদেষ্টা আসিফ মাহমুদের বিতর্কিত বক্তব্য ও ঘনিষ্ঠদের দুর্নীতির অভিযোগে কুমিল্লা ও ঢাকায় বিক্ষোভ

উপদেষ্টা আসিফ
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

উপদেষ্টা আসিফ মাহমুদের বিতর্কিত মন্তব্য ও ঘনিষ্ঠ সহযোগীদের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগর এবং ঢাকায় চলছে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ। বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে ঘিরে আসিফ মাহমুদের দেওয়া ‘উদ্ভট’ বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লার জনতা দুই দিন ধরে রাজপথে বিক্ষোভ করছে। অপরদিকে, তার মন্ত্রণালয়ধীন দুর্নীতির অভিযোগ, এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত এবং নিজ দফতরের জবাবদিহিতা চেয়ে ঢাকায়ও উঠেছে পদত্যাগের দাবি।

বুধবার মুরাদনগর সদরে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, উপদেষ্টা শুধু দপ্তরেই দুর্নীতি প্রশ্রয় দেননি, বরং নিজ এলাকাকে অপমানিত করার মতো মন্তব্য করেছেন যা কখনোই মেনে নেওয়া যায় না। তারা তার অবিলম্বে পদত্যাগ দাবি করেন।

উপদেষ্টা আসিফ
উপদেষ্টা আসিফ মাহমুদের বিতর্কিত মন্তব্য ও ঘনিষ্ঠ সহযোগীদের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগর এবং ঢাকায় চলছে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ। ছবি: সংগৃহিত।

অভিযোগ উঠেছে, উপদেষ্টা পদ পাওয়ার পর থেকে তার পরিবার ও ঘনিষ্ঠজনরা শত শত কোটি টাকার দুর্নীতি করেছে। ঢাকার নগর ভবন, যেখানে তার মন্ত্রণালয়ের কার্যক্রম চলছিল, সেটিও তালাবদ্ধ করে রাখে জনতা। জনসম্মুখে উপদেষ্টার বিরুদ্ধে প্রতিদিন প্রতিবাদ চলছে।

এদিকে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এক বিবৃতিতে বলেন, “এপিএস মোয়াজ্জেম এত দুর্নীতি করলেন, অথচ মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুই জানতেন না—এটা কীভাবে সম্ভব?” তিনি আরও বলেন, “যেভাবে মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তেমনি উপদেষ্টা আসিফ মাহমুদের দপ্তরেও দুর্নীতির খোঁজে তদন্ত হওয়া দরকার।”

দুদক ইতিমধ্যে সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে। অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করে তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন মঙ্গলবার ঢাকার নগর ভবনে সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, “উপদেষ্টা তার পছন্দের লোককে প্রশাসক বানিয়ে রাজনৈতিক ও আর্থিক সুবিধা নিচ্ছেন। এটি সরাসরি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।” তিনি শপথ ভঙ্গের অভিযোগ এনে পদত্যাগেরও দাবি জানান।

মঙ্গলবার সকাল থেকেই কায়কোবাদ সমর্থকেরা মুরাদনগর উপজেলা চত্বরে ও ঢাকায় ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান নেন। ঢাকায় ‘আমরা ঢাকাবাসী’ ব্যানারে চলমান এই আন্দোলন দিনে দিনে আরও বিস্তৃত হচ্ছে।

উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে কুমিল্লা থেকে ঢাকা—সর্বত্র বিক্ষোভ, প্রশ্ন এবং তদন্ত দাবি উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি নিরপেক্ষ তদন্ত ও স্বচ্ছতা নিশ্চিত না করা হয়, তবে রাষ্ট্রীয় পদে থাকা ব্যক্তিদের প্রতি জনআস্থা ধ্বংস হয়ে যাবে—যা গণতন্ত্রের জন্য এক অশনিসঙ্কেত।

 

প্রিন্ট করুন