মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণ মামলায় অবশেষে আলোচিত প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এই নৃশংস ঘটনার পর থেকেই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সংখ্যালঘু নারীর উপর এমন বর্বরতার বিচার চেয়ে সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো সরব হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আজ রোববার ভোর ৫টার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে ফজর আলীকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটে গত ২৬ জুন রাত ৮টার দিকে, কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে। এক প্রবাসীর স্ত্রীর উপর তার বাড়িতে হামলা চালিয়ে তাকে ধর্ষণ করে ফজর আলী (৩৬), পিতা শহিদ মিয়া, গ্রাম বাহেরচর (পূর্বপাড়া)। সেই সময় ভিকটিমের বাবা-মা বাড়িতে ছিলেন না। ধর্ষণের পাশাপাশি তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে এবং সেই পাশবিক নির্যাতনের ভিডিও করে অভিযুক্তসহ কয়েকজন।

চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ফজর আলীকে গণপিটুনি দেয়, তবে সে আহত অবস্থায় পালিয়ে যায়। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী জনমনে প্রতিবাদের ঝড় ওঠে। বিশেষ করে সংখ্যালঘু নারী হওয়ার কারণে এই ঘটনাকে অনেকেই সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে আখ্যা দেন।
২৭ জুন ভিকটিম নিজেই মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা রুজু হয়। সেই থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালিয়ে যায়।
জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে ছড়ানোর সঙ্গে জড়িত আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধকে ‘গুরুতর ডিজিটাল অপরাধ’ হিসেবে উল্লেখ করে পুলিশ বলছে, এতে ভিকটিমের সামাজিক ও মানসিক জীবনে ভয়াবহ প্রভাব পড়ে।
ওসি জাহিদুর রহমান জানান, “ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। অভিযুক্তদের ধরতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।” পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “কেউই ছাড় পাবে না। দ্রুত চার্জশিট দিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়া হবে।”
মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণ কেবল একটি মামলাই নয়—এটি একটি সংখ্যালঘু নারীর উপর পাশবিক সহিংসতার নির্মম উদাহরণ। এই ঘটনা আমাদের সামাজিক ও নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি এবং একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা ও ভিকটিমের মর্যাদা রক্ষার প্রশ্ন তোলে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী