প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেপটিক ট্যাংকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার, কুমিল্লায় চার দিন পর মিলল বস্তাবন্দী মরদেহ!

rapist 20250701 143325 0000
আজকের কথা ডেস্ক

কুমিল্লায় সেপটিক ট্যাংকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নিখোঁজের চার দিন পর বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামে বস্তাবন্দী অবস্থায় ফেরদৌসী বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ির মাত্র ২০০ গজ দূরে একটি নির্জন বাগানে থাকা সেপটিক ট্যাংক থেকে লাশটি পাওয়া যায়।

নিহত ফেরদৌসী বেগম (৫২) দক্ষিণ গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ শামসুল আলমের স্ত্রী। চার সন্তানের জননী এ নারী গত শুক্রবার নিখোঁজ হন। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, “মঙ্গলবার সকালে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে সেপটিক ট্যাংকে বস্তাবন্দী লাশের সন্ধান দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগেই তাকে হত্যা করে ট্যাংকে ফেলে রাখা হয়।”

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

নিহতের ছেলে ইকরামুল বলেন, “আমার মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমাদের পারিবারিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটেছে বলে আমরা মনে করছি।”

ঘটনার পর নিহতের দেবর আলমগীর হোসেন ও প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ফেরদৌসী বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

কুমিল্লায় সেপটিক ট্যাংকে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত পাচ্ছে পুলিশ, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রিন্ট করুন