প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

একাদশে ভর্তিতে কুমিল্লা বোর্ডে দেড় লাখ আসন খালি, সংকটে ৪৬৮ কলেজ

kumilla siksha bord 1752079209
মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী

কুমিল্লা বোর্ডে একাদশে দেড় লাখ আসন খালি, গণিতে বিপর্যয়, শিক্ষার্থী ঝরে পড়া ও কম ফলাফলের কারণে ২৫৯ হাজার আসনের মধ্যে ১ লাখ ৫২ হাজার খালি থাকবে

একাদশ শ্রেণিতে ভর্তিতে কুমিল্লা বোর্ডে এবার দেড় লাখেরও বেশি আসন খালি থাকবে। চলতি বছর কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিতে ভরাডুবির কারণে ফল বিপর্যয় ঘটেছে। এর ফলে ছয় জেলার ৪৬৮টি কলেজে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে।

কুমিল্লা বোর্ডে কলেজ পর্যায়ে আসন সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ২৬০টি। কিন্তু এসএসসি পাস করেছে মাত্র ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। সে হিসেবে এ বছর আসন খালি থাকবে ১ লাখ ৫২ হাজার ৬৭৯টি।

বোর্ডের অধিভুক্ত জেলাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী। এসব জেলায় মোট কলেজ ৪৬৮টি। এর মধ্যে কুমিল্লা ক্যাডেট কলেজ ও ফেনী গার্লস ক্যাডেট কলেজে কেবল নিজেদের শিক্ষার্থী ভর্তি করা হবে, বাইরের নয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানানো হয়, প্রয়োজনীয় শিক্ষার্থী না পেলে অনেক কলেজ বন্ধ হয়ে যেতে পারে। যদিও এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

কুমিল্লা বোর্ডে
এসএসসিতে ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা বোর্ডে একাদশ শ্রেণিতে দেড় লাখ আসন খালি থাকছে। ৪৬৮ কলেজে ভর্তি সংকট, শিক্ষাবোর্ড সতর্ক বার্তা দিয়েছে।

শহরের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ ও কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ—এসবই শিক্ষার্থীদের প্রথম পছন্দ।

কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ বলেন, “বোর্ড এবার লেভেল প্লেয়িং ফিল্ডে পরীক্ষা নিয়েছে, ফলে প্রকৃত ফলাফল সামনে এসেছে। ভালো কলেজে শিক্ষার্থী সংকট হবে না।”

চৌদ্দগ্রাম আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মহিব বুল্লাহ বলেন, “শহরের তুলনায় গ্রামের কলেজগুলোতে শিক্ষার্থী কমতে পারে, তবে শিক্ষার মান বাড়বে।”

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-কলেজ পরিদর্শক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার বলেন, “২০২৪ সালে এসএসসি পাস করেও ১৯ হাজার ৪৫৬ জন ভর্তি হয়নি। বাল্যবিয়ে, বিদেশগমন, দরিদ্রতা ও অন্য বোর্ডে ভর্তি হওয়ায় এই পরিস্থিতি।”

তিনি আরও জানান, অনলাইনে ভর্তি ফরম পূরণ শুরু ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। আবেদন ফি ২২০ টাকা। প্রথম পর্যায়ের ফল প্রকাশ ২০ আগস্ট রাত ৮টায়। এরপর কলেজ নিশ্চায়ন করতে হবে ২২ আগস্ট রাত ৮টার মধ্যে। দ্বিতীয় পর্যায়ের আবেদন ২৩ থেকে ২৫ আগস্ট, ফল ২৮ আগস্ট, নিশ্চায়ন ২৯ ও ৩০ আগস্ট। ১২ আগস্ট আবেদন যাচাই-বাছাই হবে, ১৩-১৪ আগস্ট পুনঃনিরীক্ষণে পরিবর্তিত ফলপ্রাপ্তদের আবেদন গ্রহণ এবং ১৫ আগস্ট পছন্দক্রম পরিবর্তন করা যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তিতে কুমিল্লা বোর্ডে দেড় লাখ আসন খালি থাকার বিষয়টি এবার শিক্ষা খাতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রিন্ট করুন