মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, অভিযুক্তরা পলাতক
মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় অবশেষে মামলা হয়েছে। কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সমর্থক ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে মুরাদনগর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক মো. শাহে ইমরান হোসেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
বাদী মো. ইমরান হোসেন কুমিল্লা কোতয়ালী থানার পাঁচথুবী এলাকার বাসিন্দা এবং দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি।

মামলার এজাহারে বলা হয়, গত বুধবার বিকালে মুরাদনগরের আল্লাহ চত্বর এলাকায় ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ও তার বাবার বিরুদ্ধে চলমান অপপ্রচারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ চলাকালে বিক্ষোভকারীদের ওপর প্রতিপক্ষের হামলার সময় সাংবাদিকরা ফুটেজ সংগ্রহে গেলে তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়।
হামলায় অন্তত ৭ জন সাংবাদিক আহত হন। এছাড়া সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার বাদী শাহে ইমরান বলেন, “আমরা দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছি। আমাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।”
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে গেছে। গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।”
মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলা নিয়ে দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিক মহলে উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী