

চরফ্যাশন দুই ভাই হত্যা মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসেন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন– চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের মো. বেল্লাল, চরমানিকা ইউনিয়নের মো. সালাউদ্দিন এবং মো. শরীফুল ইসলাম।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন রায়টি নিশ্চিত করে জানান, দুই ভাই খুনের বিচারের রায়ে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে। তবে তিন দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে মো. শরীফুল ইসলাম ছাড়া বেলাল ও সালাউদ্দিন এখনো পলাতক।
তিনি আরও জানান, ২০২১ সালের ৮ এপ্রিল রাতে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। নিহত দুই ভাই– তপন চন্দ্র শীল ও দুলাল চন্দ্র শীল – ভারত থেকে দেশে ফিরেছিলেন তাদের জমির বাকি টাকা আদায়ের জন্য। তারা চরফ্যাশন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত পৈতৃক ৫৬ শতাংশ জমি ২০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছিলেন বেলাল ও তার শ্বশুর আবু মাঝির কাছে। কিন্তু দলিল হয়েছিল মাত্র ৩ লাখ টাকা দিয়ে।
বাকি টাকা ফেরত চাওয়ায় প্রতিশোধপরায়ণ বেলাল একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেন। ৮ এপ্রিল রাতে দুই ভাইকে ডেকে নিয়ে আসলামপুরের একটি নির্জন বাগানে গলাকেটে হত্যা করা হয় এবং পরে মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
চরফ্যাশন জমি নিয়ে হত্যাকাণ্ডের মামলার রায়ে আদালতের এ রায় স্থানীয় জনমনে স্বস্তি ও ন্যায়বিচারের আশ্বাস জাগিয়েছে। তবে দুই আসামি এখনও পলাতক থাকায় সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর দায়িত্ব আরও বেড়েছে।