মঞ্চ ৭১, জেড আই খান পান্না ও বীরপ্রতীক আবদুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে নতুন প্রজন্ম ও ছাত্র-জনতা ঐক্যবদ্ধ
মঞ্চ ৭১ নামে একটি নতুন প্ল্যাটফর্ম মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আত্মপ্রকাশ করেছে। প্ল্যাটফর্মটির সমন্বয় করছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বীরপ্রতীক ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম এবং ছাত্র-জনতার প্রতিনিধিদের অংশগ্রহণে এই মঞ্চ গঠিত হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঞ্চ ৭১ পাঁচ দফা দাবি উত্থাপন করেছে। এতে বলা হয়, “মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ইতিহাস। এই ইতিহাস লাখো শহীদের রক্ত, মা-বোনদের সম্ভ্রম ও কোটি মানুষের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত। কিন্তু এখন এই ইতিহাস মুছে ফেলার গভীর ষড়যন্ত্র চলছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্ট অভ্যুত্থানের পর নানা ঘোষণাপত্র ও বয়ানে মুক্তিযুদ্ধের অর্জনকে হেয় করার অপচেষ্টা চলছে, যা দেখে বীর মুক্তিযোদ্ধারা মর্মাহত ও ক্ষুব্ধ।
মঞ্চ ৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বন্ধে ছাত্র-জনতা ও নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে সংগঠিত হয়েছে। ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো:
১. জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য বা ব্যাখ্যার অবসান নিশ্চিত করতে হবে।
২. নতুন সংবিধান প্রণয়নের নামে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা মুছে ফেলার চেষ্টার বিরোধিতা।
৩. রাজনৈতিক ব্যর্থতার দায়ে মুক্তিযোদ্ধাদের দায়ী না করা।
৪. মুক্তিযুদ্ধবিরোধী ঘৃণা ছড়ানোয় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের ও বিচারের দাবি।
৫. অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ-সম্পর্কিত অবস্থান পরিষ্কার করা।
শেষে বলা হয়, মঞ্চ ৭১ মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনাকে অক্ষুণ্ন রাখার লড়াইয়ে সদা সক্রিয় থাকবে এবং এ জাতীয় ষড়যন্ত্র প্রতিরোধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানায়।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী