নিউমার্কেট অস্ত্র উদ্ধার, সামুরাই চাপাতি ও ছিনতাইকারীদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার, তদন্তে ব্যবসায়ীদের যোগসাজশ খতিয়ে দেখা হচ্ছে
নিউমার্কেট অস্ত্র উদ্ধার অভিযানে রাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদাম থেকে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি এবং অন্যান্য ধারালো অস্ত্র রয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয় এবং এ তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়।
গণমাধ্যম ও গ্রেফতারকৃত সন্ত্রাসীদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, রাজধানীর কিছু এলাকায় এসব অস্ত্র ভাড়া ও বিক্রি হচ্ছে। সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা নিউমার্কেট এলাকায় তল্লাশি চালিয়ে বিভিন্ন দোকানে গৃহস্থালি কাজে অপ্রয়োজনীয় বিপুল ধারালো অস্ত্র মজুত দেখতে পান।
সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো সাম্প্রতিক সময়ে একাধিক হত্যা, আহত, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় ব্যবহার হয়েছে। অভিযান চলমান রয়েছে, এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ব্যবসায়ীদের সঙ্গে দুষ্কৃতিকারীদের যোগসাজশ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
ব্যবসায়ীদের সতর্ক করে সেনাবাহিনী বলেছে, কেউ যেন এসব অস্ত্র বিক্রি না করেন। অনেকেই স্যুভেনির হিসেবে কিনলেও বাস্তবে এগুলো অপরাধে ব্যবহৃত হচ্ছে। সাধারণ জনগণকেও আহ্বান জানানো হয়েছে—যদি কোথাও অবৈধ ধারালো অস্ত্রের ব্যবসা চোখে পড়ে, তাহলে নিকটস্থ ক্যাম্পে খবর দিতে হবে।
নিউমার্কেট অস্ত্র উদ্ধার অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধ দমনে বড় ধরনের সাফল্য পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী