গোয়াইনঘাট বিজিবি সদস্য নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে সিলেটের পিয়াইন নদীতে। ভারতীয় চোরাইপণ্যবাহী নৌকা থামানোর চেষ্টাকালে ধাক্কায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) নৌকা ডুবে গেলে মাসুম বিল্লাহ নামে এক সিপাহি নিখোঁজ হন।

শনিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাটের সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম ফেনাইকোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাসুম বিল্লাহ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, টহলরত অবস্থায় দুইজন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গেলে ধাক্কায় উভয় নৌকাই ডুবে যায়। সঙ্গে থাকা আরেক বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহি মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করেও ব্যর্থ হন।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু এখনও নিখোঁজ বিজিবি সদস্যকে পাওয়া যায়নি।”
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম জানান, “ভারতীয় চোরাইপণ্যবাহী নৌকার আঘাতে একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে কাজ করছে।”
গোয়াইনঘাট বিজিবি সদস্য নিখোঁজ ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে, আর প্রশাসন দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী